২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবারও ভারি বৃষ্টির আভাস

মৌসুমী বায়ু সক্রিয় ও পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় ঘূর্ণিবায়ুর প্রভাবে শুক্রবারও ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2019, 12:24 AM

Updated : 18 Aug 2022, 05:52 PM

এদিন দেশের পশ্চিমাংশে ভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

“পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে একটি ঘূর্ণিবায়ু বিরাজ করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।”

এদিকে বিরাজমান বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, গঙ্গা-পদ্মার পানি স্থিতিশীল রয়েছে। এর ফলে পাবনা, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সীগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে।

নদ-নদীর ৯৩টি পয়েন্টের মধ্যে ৪টি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে পানি বইছে। ৩৮টি পয়েন্টে পানি বাড়ছে, কমছে ৫২টি পয়েন্টে।

পুরনো খবর:

পানি বাড়ছে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা