২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনকারীদের ‘লাল কার্ড’ দেখেও অনড় জাহাঙ্গীরনগরের ভিসি

বেঁধে দেওয়া সময়ের শেষ দিন আন্দোলনকারীরা ‘লাল কার্ড’ দেখানোর পর ধর্মঘটের কর্মসূচি দিলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন, ‘অযৌক্তিক’ দাবিতে পদত্যাগ করবেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2019, 11:08 PM

Updated : 10 Oct 2022, 09:27 PM

উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্য ফারজানার পদত্যাগ দাবিতে ঢাকার এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক ও শিক্ষার্থী ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

গত ১৯ সেপ্টেম্বর উপাচার্যের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর তাকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য ১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা।

তারপর ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার পর মঙ্গলবার দুপুরে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ‘লাল কার্ড’ দেখানোর কর্মসূচি পালন করে।

এই কর্মসূচিতে আন্দোলনকারীদের মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, “উপাচার্যকে আজকের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হলেও তিনি তা করেননি। তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় ব্যর্থ হয়েছেন।

“তাই আমরা তার বিরুদ্ধে কাল থেকে সর্বাত্মক আন্দোলনে যাব। এর অংশ হিসেবে আগামী দুই দিন সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে।”

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু বলেন, “তিনি (উপাচার্য) নির্লজ্জের মতো পদ আগলে আছেন। বিগত কয়েক বছর ধরেই তিনি নানা অপকর্ম করে এসেছেন এবং অপকর্মের প্রশ্রয়ও দিয়েছেন। এই উপাচার্য দুর্নীতিবাজ এবং তার প্রশাসন অর্থলোভী। তাই পদত্যাগ তাকে করতেই হবে।”

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, মির্জা তাসলিমা সুলতানা, জামাল উদ্দিন রুনু প্রমুখ। এছাড়া জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন কর্মসূচিতে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রায় দেড় হাজার কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন গত আগস্টে।

এর মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উপাচার্য ফারজানার কাছে চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে।

এই ঘটনার পরে ওই দুজনকে সরতে হলেও তারা অভিযোগ অস্বীকার করে উল্টো অধ্যাপক ফারজানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাদের তিনি অর্থ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। প্রায় একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগ নেতা ‘ঈদ সালামী’ হিসেবে ১ কোটি টাকা পাওয়ার কথা স্বীকারও করেন।

এর পরিপ্রেক্ষিতে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার তদন্তের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে উপাচার্য ফারজানা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু সে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় গত ১৯ সেপ্টেম্বর উপাচার্যের পদত্যাগের দাবিতে শুরু হয় আন্দোলন।

‘অযৌক্তিক দাবি’

আন্দোলনকারীদের পদত্যাগের দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন উপাচার্য ফারজানা ইসলাম।

মঙ্গলবার দুপুরে আন্দোলকারীদের ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচির কিছুক্ষণ পরেই নিজ কার্যলয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি।

উপাচার্য বলেন, “আন্দোলনকারীরা বিচার বিভাগীয় তদন্তের যে দায়-দায়িত্ব আমাকে দিয়েছে, সেটি অযৌক্তিক। আমি এটা (তদন্ত) চাইতেও পারি না, করতেও পারি না। এটি সরকারের থেকে উদ্যোগ নেবে অথবা বিচার বিভাগ চিন্তা করবে।

“এখানে আমাকে একটা চাপ সৃষ্টি করার অর্থই হচ্ছে একটা অযৌক্তিক দাবি নিয়ে আমাকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য আহ্বান করা। যেহেতু যুক্তি নেই, সেখানে পদত্যাগের ইচ্ছা আমি প্রকাশ করছি না।”

আইনজ্ঞ, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন জানিয়ে অধ্যাপক ফারজানা বলেন, “তারা (সরকার) যদি মনে করে তদন্ত করা উচিত, তাহলে অবশ্যই তারা করবে। সেক্ষেত্রে আমার দিক থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, আমি করব। এর চেয়ে বেশি কিছু তো আমি করতে পারি না।”

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল কি না- এ প্রশ্নে উপাচার্য বলেন, “আমি তাদের বলেছি, জাহাঙ্গীরনগরে যে সংকট চলছে- এইটা কেন হচ্ছে, কী হচ্ছে, সেটা জানা একান্ত প্রয়োজন। আপনারা জাহাঙ্গীরনগরের সার্বিক সঙ্কটটাকে উন্মোচন করেন।”

উপ-উপাচার্যের শাস্তি দাবি উপাচার্য সমর্থকদের

‘আন্দোলনে ইন্ধন দিচ্ছেন’ এমন অভিযোগ এনে ‍বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেনের শাস্তি দাবি করেছেন উপাচার্য সমর্থক শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’।

মঙ্গলবার এক বিবৃতিতে তারা উপ-উপাচার্য আমিরের সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীরেরও শাস্তির দাবি জানিয়েছেন।

এই দাবিতে তারা বুধবার মানববন্ধন ও বৃহস্পতিবার দিনব্যাপী জনসংযোগ কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে বঙ্গবন্ধু পরিষদ।

বিবৃতিতে বলা হয়, “শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রশাসন দুটি দাবি মেনে নিয়ে সঙ্কট সমাধানের পথ সহজ করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একদল স্বার্থান্বেষী শিক্ষকগোষ্ঠী নিজেদের এজেন্ডা বাস্তবায়নে সমস্যা সমাধান না করে আন্দোলনে ইন্ধন দিচ্ছে।

“এরই মধ্যে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির ও বর্তমান উপ-উপাচার্য আমির হোসেনের ইন্ধনের বিষয়টি বেরিয়ে এসেছে। অথচ তারা নিজেরাই দুর্নীতিবাজদের শিরোমণি হিসেবে পরিচিত।”

এতদিন পরে উপ-উপাচার্য ও সাবেক উপাচার্যের বিরুদ্ধে কেন দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে- তার জবাবে সংবাদ সম্মেলনে ফারজানা ইসলাম বলেন, “দুর্নীতি করাটা তো ব্যক্তিগত। সরকারের যেমন দুর্নীতির বিরুদ্ধে অভিযানে একটা থেকে আরেকটা অভিযোগ বের হচ্ছে, সেরকম জাবিতেও বের হচ্ছে। এ কারণেই যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তারা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত- এমন কথা এখন বের হচ্ছে।”

‘দুর্নীতির পূর্ব অভিযোগ’ থাকা সত্ত্বেও অধ্যাপক আমির হোসেন কী করে উপ-উপাচার্য হলেন- এ প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “সেটা সম্ভবত পরবর্তীতে উনার যে রাজনৈতিক আচরণ ছিল, সেটাতে সমস্যা ছিল না বলেই এনেছিলাম।”

উপাচার্যের পক্ষে-বিপক্ষে আন্দোলনের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “সবারই আন্দোলন করার অধিকার আছে। তবে আমি উভয় পক্ষকেই বলব সংযত থেকে কর্মসূচি পালন করতে।”