তথ্য কমিশন একা পারবে না: মরতুজা
সবার জন্য তথ্য অধিকার নিশ্চিত করা তথ্য কমিশনের একার পক্ষে সম্ভবপর নয় বলে মন্তব্য করেছে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ।
তিনি বলেছেন, “দেশে এখনও সবার জন্য তথ্য অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। সবার তথ্য অধিকার নিশ্চিত করতে হলে আমাদের এখনও আরও অনেক পথ পাড়ি দিতে হবে। অনেক কাঠখড় পোড়াতে হবে। সারাদেশে আইনটির প্রয়োগে গণজোয়ার তৈরি করে জনসচেতনা বাড়াতে হবে।
“এটি তথ্য কমিশনের একার পক্ষে সম্ভব নয়।”
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান তথ্য কমিশনার।
তথ্যদাতাদের সুরক্ষা প্রশ্নে কমিশনার বলেন, তথ্য সুরক্ষা আইন ও বিধিমালা রয়েছে। যারা তথ্য দেবেন, তারা এই আইনের মাধ্যমেও সুরক্ষা সেবা পেতে পারেন।
তথ্য কমিশনার সুরাইয়া বেগম বলেন, দেশে আজকের যে উন্নয়ন, সেটি তথ্য অধিকার আইনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, সেটি যেন অব্যাহত থাকে।
প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল আলম বলেন, “যখন অগণতান্ত্রিক সরকার আসে তখনই বলা হয়, এটা করা যাবে না, ওটা করা যাবে না। তারা অবাধ তথ্য প্রবাহকে ভয় পায়। সেটি তাদের কর্মকাণ্ডেই স্পষ্ট হয়ে ওঠে। আমরা গণমাধ্যমকর্মী হিসেবে সবসময়ই চাই, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হোক।”
সাক্ষী সুরক্ষা আইনের মতো তথ্যদাতার সুরক্ষায় আইন প্রণয়নেরও সুপারিশ করেন এই সাংবাদিক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, তথ্য কমিশনের সচিব মো. তৌফিকুল আলম, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারসহ কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।
