গান্ধী-মুজিবের চেতনা ‘আজও লড়ছে বিশ্বজুড়ে’
ভিন্ন সময়ে ভিন্ন প্রেক্ষাপটে তারা লড়েছেন অহিংসার বাণী আর অসহযোগের অস্ত্র নিয়ে; লক্ষ্য ছিল জনতার মুক্তি, আর সেই লড়াইয়ে জিতেছেন দুজনই। মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- বেঁচে থাকলে আজকের পৃথিবীর সমস্যাগুলোর মোকাবিলা কীভাবে করতেন?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মনে করেন, তাদের অনুপস্থিতিতেও তাদের সেই লড়াই থামেনি।
“আমাদের দুই মহানায়কই জীবদ্দশায় ক্ষমতাবানদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। বিশ্বকে তারা শিখিয়েছেন, কীভাবে এই ক্ষমতাবানদের সঙ্গে বোঝাপড়া করতে হয়, কীভাবে তাদের পরাজিত করতে হয়। আর মৃত্যুর পর, এই বিশ্বে তারা আরও বেশি প্রভাব রাখছেন।”
মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ সামনে রেখে গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত এক আলোচনা সভায় কথা বলছিলেন তৌফিক ইমরোজ খালিদী।
ভারতীয় উপমহাদেশের দুই মহারথীর শেখানো আদর্শ আজ বিশ্বময় কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রাসঙ্গিক, সে বিষয়ে আলোচনায় অংশ নেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন।
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাংবাদিক স্বদেশ রায়।
মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর সময়ে রাজনীতিতে ধর্মের প্রভাব থাকলেও তারা তা ব্যবহার করেননি: আব্দুর রাজ্জাক
আজকের পরিবেশবাদী তরুণদের আন্দোলনেও গান্ধী-বঙ্গবন্ধুর চেতনার ধারা দেখতে পান তৌফিক ইমরোজ খালিদী
“বঙ্গবন্ধু প্রথম থেকে বুঝেছিলেন, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা যাবে না। গান্ধীও বলেছিলেন, ধর্মান্ধ যারা, যারা ধর্মকে ব্যবহার করে, তারা মানবজাতির শত্রু। বঙ্গবন্ধু এটা মনে-প্রাণে বিশ্বাস করতেন।”
মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে সমকালীন ঘটনা প্রবাহ কীভাবে তারা নিয়ন্ত্রণ করেছেন, সেই বর্ণনা দেন আব্দুর রাজ্জাক।
ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে এই আওয়ামী লীগ নেতা বলেন, “তখন মুসলিম লীগ প্রায় ধর্মের সমতুল্য। মুসলিম লীগের বিরুদ্ধে কথা বলা মানে ধর্মের বিরুদ্ধে কথা বলা। তখন তিনি (বঙ্গবন্ধু) এসব পদক্ষেপ নিয়েছিলেন।”
গান্ধীর কথা ও কৌশল এখনও প্রযোজ্য মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর বিজয়ের পর তিনি বলেছিলেন, সৈন্যদের বিজয় হয়েছে, মানুষের বিজয় হয়নি। অক্ষশক্তির বিরুদ্ধে মিত্রশক্তির বিজয় হয়েছে। তাই এখনও দেখেন, সারা পৃথিবী ঝঞ্ঝাময়।”
গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “তিনি মনে করতেন, ব্রিটিশ বাহিনীর যে শৃঙ্খলা, শক্তি- সেটির সঙ্গে যুদ্ধ করে আমরা পারব না। অসহযোগ ও অহিংসার আন্দোলন তার চেয়েও বেশি শক্তিশালী হবে। সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু শক্তি কোনো অংশে কম নয়। তিনি বারবার সেটি প্রমাণ করেছেন বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে।”
আলোচনায় সীমাবদ্ধ না রেখে জীবন-যাপনেও গান্ধী ও বঙ্গবন্ধুকে ধারণ করার আহ্বান জানিয়েছেন রীভা গাঙ্গুলী দাস
ভবিষ্যতের তরুণরাও তাদের সমস্যাগুলোর মোকাবিলায় দুই মহামানবের পথ অনুসরণ করবে, এমনটাই প্রত্যাশা স্বদেশ রায়ের
তৌফিক ইমরোজ খালিদী বলেন, মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু জনগণের শক্তির উপর নির্ভর করেছিলেন। দুজনই স্বাধীনতার জন্য লড়েছিলেন। যোগাযোগের অসাধারণ দক্ষতা, ভালোবাসার ক্ষমতা আর আত্মোৎসর্গের মধ্যে দিয়ে তারা গণমানুষের কাছে পৌঁছেছিলেন। দলীয় রাজনৈতিক কর্মসূচির ধরনও তারা বদলে দিয়েছিলেন।
“তারা ক্ষমতাবানদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। সহিংসতা ছড়িয়ে দেওয়া দুর্বৃত্ত প্রতিপক্ষকে মোকাবেলা করতে হয়েছে তাদের।”
গান্ধীর ক্ষেত্রে ১৯৪৭ পরবর্তী ভারতে দেখা দেয় ভয়াবহ সংঘাত, ১০ লাখের বেশি মানুষ নিহত হন, প্রায় দেড় কোটি মানুষ বাস্তুচ্যুত হন, পরিবারগুলো হয়ে পড়ে বিচ্ছিন্ন।
অপরদিকে বঙ্গবন্ধুর অহিংস আন্দোলন দমনে বর্বরতার পথ বেছে নিয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী। বিপুল ক্ষমতাধর সেনাবাহিনী হামলে পড়েছিল নিরস্ত্র বাঙালির উপর।
দুই ক্ষেত্রেই ভিন্ন ভিন্নভাবে প্রতিরোধ গড়ে ওঠার কথা উল্লেখ করে তৌফিক খালিদী বলেন, “দুই জায়গাতেই বিজয়ী হয়েছিলেন আমাদের মহানায়করা।”
বর্তমানে বিশ্বজুড়ে তরুণদের উদ্যোগে যে জলবায়ু আন্দোলন চলছে সেখানেও মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর চেতনার প্রভাব দেখতে পান তৌফিক ইমরোজ খালিদী।
চলতি সপ্তাহের শুরুর দিকে শাটডাউনডিসি হ্যাশট্যাগে ওয়াশিংটনে যে কর্মসূচি পালিত হয়, এ প্রসঙ্গে তার উল্লেখ করেন তিনি।
হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসায় সেদিন যুক্তরাষ্ট্রের রাজধানীতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু অস্ত্রপ্রিয় আমেরিকায় সেদিন একটি গুলিও ছোড়া হয়নি।
একই দিনে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সুইডিশ তরুণী গ্রেটা থানবার্গের কান্নাজড়িত বক্তব্য বিশ্বব্যাপী আলোড়ন তোলার কথা তুলে ধরে তৌফিক ইমরোজ খালিদী বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে ব্যর্থতার জন্য বিশ্বনেতাদের তুলোধুনো করেছে মেয়েটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পর্যন্ত তার প্রতিক্রিয়া দিয়েছেন।
এই আন্দোলনের নেতারাও গান্ধী ও বঙ্গবন্ধুর মতো নেতাদের পদাঙ্ক অনুসরণ করছেন বলে মনে করেন তৌফিক খালিদী। এ প্রসঙ্গে ২০০৩ সালে লন্ডনের রাস্তায় প্রায় ১০ লাখ মানুষের ইরাক যুদ্ধবিরোধী অহিংস প্রতিবাদের কথাও স্মরণ করেন তিনি।
তৌফিক ইমরোজ খালিদী বলেন, “হ্যাঁ, বহু বছর আগে শারীরিকভাবে বিদায় ঘটলেও তারা সেখানে আছেন। জীবদ্দশায় তারা ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক ও নিরাপদ সমাজ গড়তে কাজ করেছিলেন। আজকের জলবায়ু আন্দোলনকারীদের উদ্দেশ্যও এক।”
তিনি বলেন, সাতশ কোটি মানুষ, সেই সঙ্গে অগণিত জীব, উদ্ভিদ ও গাছকে ধারণ করে আছে যে পৃথিবী, নির্বিচারে তার পরিবেশ ধ্বংসের ফলে যে ক্ষতি হচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে সব যুদ্ধে ক্ষতির যোগফলকেও সম্ভবত ছাড়িয়ে গেছে।
পৃথিবীর পাঁচ শতাংশ জীব ও উদ্ভিদের বাস যে আমাজনে, যেটাকে পৃথিবীর ফুসফুস হিসেবে বর্ণনা করা হয়, তা এখনও পুড়ছে।
বঙ্গবন্ধুর আদর্শকে তার দলের এখনকার নেতারা ধারণ করতে পেরেছেন কি-না, তা নিয়ে সন্দিহান মুনতাসীর মামুন
অহিংস আন্দোলনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গান্ধী ও বঙ্গবন্ধু ছিলেন আপসহীন: নারায়ণ চন্দ্র চন্দ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের মানুষ কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা বোঝাতে যুক্তরাজ্যভিত্তিক একটি গবেষণা সংস্থার তথ্য তুলে ধরেন তৌফিক ইমরোজ খালিদী।
ওই সংস্থার হিসাবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে ক্ষতি হচ্ছে, তা সামাল দিতে এবং ক্ষয়ক্ষতি কমানোর ব্যবস্থা নিতে বাংলাদেশের মানুষকে বছরে ১৫৮ বিলিয়ন টাকা ব্যয় করতে হচ্ছে। এই অঙ্ক এই খাতে ব্যবহারের জন্য দাতারা বাংলাদেশকে যে পরিমাণ অর্থ দেয় তার ১১২ গুণ এবং বাংলাদেশ সরকার যে অর্থ ব্যয় করে তার দ্বিগুণ।
তৌফিক ইমরোজ খালিদী বলেন, “আমাদের গ্রামীণ পরিবারগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতে, নতুন করে গরু-ছাগল-হাঁস-মুরগি কিনতে এবং নষ্ট হয়ে যাওয়া ফসলের জন্য বাড়তি টাকা খরচ করতে বাধ্য হচ্ছে। এজন্য তাদের চড়া সুদে ঋণ নিতে হচ্ছে, যা তাদের আরও দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে।
“এটা অন্যায়। গান্ধী এর প্রতিবাদ করতেন, বঙ্গবন্ধুও সোচ্চার হতেন।”
আজ তারা না থাকলেও তাদের চেতনা ধারণ করেই তরুণরা সংগ্রাম চালিয়ে যাবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের বিশ্বাস।
“বঙ্গবন্ধুর কথাই ধরুন। ১৯৭১ সালে বেশ কয়েকটি ক্ষমতাধর দেশ যখন বিরোধিতা করছিল, তার অনুপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত আরও জোরাল করেছিল।
“লড়াই তখনও চলেছে। লড়াই এখনও চলছে।”
ঢাকায় ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেন, “গান্ধীজীর বিশ্বাস ছিল- ন্যায্যতা থেকে সাহস আসে, শক্তিপ্রয়োগ থেকে নয়; ক্ষমতা আসে সত্য থেকে জোরজবরদস্তি করে নয়; মানসিক শক্তি থেকে বিজয় আসে, নতজানু হওয়া থেকে নয়। তার এমন শিক্ষা আমাদের শেখায়, সংঘাত থেকে অবিরত কুণ্ডলীর মতো সংঘাতেরই জন্ম হয়, ঘৃণা ও প্রতিশোধের স্পৃহা জাগায়।”
তিনি বলেন, “অহিংস আন্দোলন চায় অংশগ্রহণ ও উদ্বুদ্ধ করতে- সে কারণে এর ফলাফল অনেক ভালো হয়। নেলসন ম্যান্ডেলা ও মার্টিন লুথার কিং জুনিয়রের সাফল্যেও উঠে আসে উদ্বুদ্ধকরণ আর অহিংসার মাধ্যমে এমন কিছু অর্জন করা যায়, যেটা বলপ্রয়োগ করে সম্ভব নয়।”
সেমিনার, আলোচনা সভা ও বার্ষিক আয়োজনে সীমাবদ্ধ না রেখে জীবন-যাপনে গান্ধী ও বঙ্গবন্ধুকে ধারণ করার আহ্বান জানান রিভা গাঙ্গুলী।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “উন্নয়নের পথে চলার সময় বাংলাদেশের মানুষের, বিশেষ করে তরুণদের মুক্তিযুদ্ধের চেতনা মনে ধারণ করতে হবে; যাতে তারা বহুজাতির, বহু সংস্কৃতির বাংলাদেশ তৈরি করে বঙ্গবন্ধু- মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মূল্য দিতে পারে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, “গান্ধীজী ধার্মিক ছিলেন, কিন্তু সবকিছুকে তিনি ধর্মের বাইরে রেখেছিলেন। যদিও জাতপাতের অনেক বিভাজন ছিল সে সময়।”
বঙ্গবন্ধুর প্রসঙ্গে তিনি বলেন, “বঙ্গবন্ধুর বিষয়ে অনেক গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হয়েছে, একটা বিষয়েও আপনি দেখাতে পারবেন না, বঙ্গবন্ধু ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেছেন।
“বঙ্গবন্ধুর মৃত্যুর পর শেখ হাসিনা পর্যন্ত প্রত্যেকে কোনো না কোনোভাবে ধর্মকে ব্যবহার করেছেন। আওয়ামী লীগ আমলেও করা হয়েছে। একমাত্র ব্যতিক্রম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি কখনও ধর্মকে রাজনৈতিক প্রত্যয় হিসাবে ব্যবহার করতে চাননি।”
’ধর্ম নিয়ে খেলা আগুন নিয়ে খেলার সমান’ মন্তব্য করে এই অধ্যাপক বলেন, “আমরা সে কারণে আজকের দিনে মহাত্মা গান্ধীকে প্রাসঙ্গিক মনে করি, অন্তত রাজনৈতিক ক্ষেত্রে। তিনি সশস্ত্রের উপর নিরস্ত্রের কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছিলেন। এবং সেটি ছিল আদর্শ, যা জীবনের শেষ দিন পর্যন্ত ধারণ করেছিলেন।”
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে মুনতাসীর মামুন বলেন, “বঙ্গবন্ধু কী করেছিলেন, তার জীবনচর্চা কী ছিল- সেটি তার দল, তার দলের সহযোগী সংগঠন তারাও উপলব্ধি করে কি না সন্দেহ। উপলব্ধি করলে প্রতিদিন খবরের কাগজে এ সমস্ত খবর আসত না।”
মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ সামনে রেখে এই দুই মহানায়ককে নিয়ে এ আলোচনার আয়োজন করা হয় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে
আলোচনায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, অহিংস আন্দোলনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ছিলেন গান্ধী ও বঙ্গবন্ধু। তারা ব্যক্তিগত জীবনেও সেই আদর্শ লালন করে গেছেন।
“বঙ্গবন্ধুর বিরুদ্ধে অনেক আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয়েছিল, কিন্তু এ ধরনের কিছু পায়নি খুনিরা পর্যন্ত। কারণ তিনি আর্দর্শিক বিষয়ে কখনও আপস করেন নাই।”
সভাপতির বক্তব্যে গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাংবাদিক স্বদেশ রায় বলেন, ”এখানে যে তরুণরা উপস্থিত হয়েছেন, তারা যাতে ভবিষ্যত পৃথিবীতে যে সমস্যাগুলো আসবে এবং বর্তমানে যে সমস্যাগুলো আছে, সেগুলো মোকাবেলায় দুই মহামানবের পথকেই অনুসরণ করবেন।”
আলোচনা সভার সঞ্চালক ছিলেন গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার।
