তিতাসের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা হচ্ছে
গাজীপুরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস সংযোগ ও অনুমোদনের চেয়ে গ্যাসের লোড বৃদ্ধি করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক এমডিসহ চারজনকে আসামি করে মামলা করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
অভিযোগের অনুসন্ধানে ‘প্রমাণ পাওয়ায়’ বুধবার কমিশন এ মামলার অনুমোদন দেয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
যারা আসামি হচ্ছেন তারা হলেন- তিতাসের সাবেক এমডি মীর মসিউর রহমান, প্রতিষ্ঠানটির গাজীপুর আঞ্চলিক বিপণন কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক ছাব্বের আহমেদ চৌধুরী (বর্তমানে পাইপলাইন ডিজাইন বিভাগের ব্যবস্থাপক), তার স্ত্রী ওয়াস্ট কেম ইন্টারন্যাশনালের পরিচালক রুমানা রিসাত জামান এবং তিতাসের প্রথম শ্রেণীর ঠিকাদারী প্রতিষ্ঠান এসবি কন্সট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম।
২০১৬ সাল থেকে ২০১৭ সালের ১২ অক্টোবর পর্যন্ত ছাব্বের আহমেদ চৌধুরী গাজীপুরের কর্মরত ছিলেন; অন্যদিকে মীর মসিউর রহমান ২০১৬ সালের মার্চ থেকে ২০১৮ সালের ৮ অক্টোবর পর্যন্ত তিতাসের এমডির দায়িত্ব পালন করেন।
ওই সময়ের মধ্যে গাজীপুরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা তারা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন বলে অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ছাব্বের আহমেদের সময়ে গাজীপুরের মেসার্স এএ কর্স স্পুন লিমিটেড, পেরাগন পোল্টি লিমিটেড, আনোয়ার ইস্পাত লিমিটেড, সিআরসি টেক্সটাইল মিলস লিমিটেড, মেসার্স পেনোরুমা ওয়াশিং কোম্পানি লিমিটেডসহ বেশ কিছু প্রতিষ্ঠানে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করেছে।
“কিন্তু একজন ব্যবস্থাপক হিসেবে এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তিনি। এ বিষয়ে তিতাসের তৎকালীন এমডিও নিরব ছিলেন। তিনিও অতিরিক্ত গ্যাস ভোগকারী গ্রাহক কিংবা গাজীপুরের ব্যবস্থাপকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেননি।”
অন্যদিকে এসব অবৈধ কাজে ‘মিডিয়া’ হিসেবে ঠিকাদার সাইফুল ইসলাম কাজ করেছেন বলে দুদক কর্মকর্তাদের সন্দেহ।
২০১৫ সাল থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত সময়ে তিতাসের কর্মকর্তা ছাব্বের আহমেদের স্ত্রী রুমানা রিসাতের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এবং ঠিকাদার সাইফুলের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ৪০ কোটি ৩৬ হাজার ৫৮৪ টাকার ‘সন্দেহজনক’ লেনদেন হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
এ জন্য অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর ৪(২) ও (৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার।
গণমাধ্যম থেকে পাওয়া অভিযোগটি অনুসন্ধান করেন দুদকের উপ-পরিচালক মো. মনজুর আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটি। কমিটির অপর সদস্য হলেন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. শাজাহান মিরাজ।
