দুবাই থেকে আসা লাগেজে মিলল ৪৫ লাখ রুপি, আটক ২
একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুবাই থেকে পাঠানো সন্দেহভাজন একটি লাগেজ থেকে ৪৫ লাখ ভারতীয় রুপি জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলের এসএ পরিবহনে ওই লাগেজ নিতে আসা দুজনকে আটক করা হয়েছে বলে ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার মিশু বিশ্বাস জানিয়েছেন।
এরা হলেন- ইয়াকুব আলী ও হাসান আহমেদ। তাদের বিস্তারিত পরিচয় না জানালেও ইয়াকুবকে মাদক হিসেবে পরিচয় দিয়েছে পুলিশ।
মিশু বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা সন্দেহভাজন লাগেজটি জব্দ করা হয়। এই দুজন সেটা নিতে আসার পর তা খুলে ৪৫ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়।
“এসব মুদ্রার প্রকৃত মালিক কে এবং কেন এভাবে দেশে আনা হয়েছে সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
