২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পীযূষের নেতৃত্বে সম্প্রীতি বাংলাদেশের নতুন আহ্বায়ক কমিটি

ধর্মনিরপেক্ষ চেতনার জাগরণের মাধ্যমে বিভাজন দূর করার প্রত্যয় নিয়ে এক বছর আগে যাত্রা শুরু করা নাগরিক ফোরাম সম্প্রীতি বাংলাদেশের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2019, 08:43 PM

Updated : 18 Aug 2022, 05:49 PM

১২ জন উপদেষ্টা ও ৭৬ জন নির্বাহী সদস্যের এই কমিটিতে আগের মতই আহ্বায়ক হিসেবে আছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়।

তার সঙ্গে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আরমা দত্ত, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, মো. নাসির উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেলজন গোমেজ ও ডা. উত্তম বড়ুয়া। ডা. মামুন-আল মাহতাব এই কমিটির সদস্য সচিব।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সম্প্রীতি বাংলাদেশের নতুন এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে সম্প্রীতি বাংলাদেশ গত এক বছর ধরে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মতবিনিময় সভা, সেমিনার, গোলটেবিল বৈঠক, প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে যাচ্ছে। 

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিভিন্ন জেলায় আলোচনা অনুষ্ঠানগুলোতে আমরা অনেক ইতিবাচক সাড়া পেয়েছি, যেটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার।”

মোহাম্মদ আলী শিকদার বলেন, “আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা বাংলাদেশের আগামী প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের যে মৌলিক আদর্শ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটিকে সমুন্নত রাখতে চাই। সেই সাথে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়তে হলে আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার কোনো বিকল্প নেই।”

অন্যদের মধ্যে সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান, শিশু সাহিত্যিক আলি হাবীব, সাংবাদিক বরুন ভৌমিক ও রেভারেন্ড মার্টিন অধিকারী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।