‘থ্যাংক ইউ পিএম’: মেয়র খোকন
রাজধানীতে ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান শুরু হয়েছে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার নগর ভবনে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এই অভিযান চলছে এবং সারাদেশের মানুষ তা সমর্থন করছে।
“ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে আমি তাকে সমর্থন করছি। কোটি মানুষের পক্ষ থেকে আমরা উদাত্তভাবে বলতে চাই, থ্যাংক ইউ পিএম।"
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে গত সপ্তাহে যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঢাকায় ক্ষমতাসীন দলের নেতাদের তত্ত্বাবধানে ‘৬০টি ক্যাসিনো চালানোর’ খবর আসে সংবাদমাধ্যমে।
এ নিয়ে আলোচনার মধ্যেই গত ১৮ সেপ্টেম্বর থেকে ঢাকার বিভিন্ন ক্লাবে ও বারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছে। কয়েকজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
চলমান এই ‘শুদ্ধি অভিযানে’ দলের অনেক নেতাকেই নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মমিনুল হকের বিরুদ্ধে ‘ক্যাসিনো–বাণিজ্যে’ জড়িয়ে পড়ার এবং চাঁদাবাজি ও টেন্ডারবাজির খবর এসেছে সংবাদ মাধ্যমে। ‘ক্যাসিনো সাঈদ’ হিসাবে পরিচিতি পাওয়া এই কাউন্সিলর ইতোমধ্যে দেশ ছেড়েছেন।
এ বিষয়ে মঙ্গলবার মেয়র খোকনের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা জানতে চান, তিনি এতে বিব্রত কি না।
উত্তরে মেয়র বলেন, “আমাদের কেউ কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারে। এগুলোতে বিব্রত হওয়ার প্রশ্নই ওঠে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রয়োজনীয় সব ধরনের সাহায্য, সহযোগিতা করব।"
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মমিনুল হকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, “তিনি অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করতেন। সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য কথা, সে কিন্তু এখন বিদেশে রয়েছে।”
