আওয়ামী লীগ নেতা কাজী জায়নুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী জায়নুল আবেদীনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বুধবার ঢাকায় মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন।
প্রধানমন্ত্রী শোকবার্তায় জায়নুল আবেদীনের শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান।
জায়নুল আবেদীন ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর মহল্লায় থাকতেন। তার জন্ম ১৯২৮ সালে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চর বালুধুম গ্রামে।
১৯৫৬ সালে তিনি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৪ সালে প্রধান শিক্ষক হন। ২০০২ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন।
২০০৫ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে কাজী জায়নুলকে সভাপতি নির্বাচিত করা হয়। ২০১৬ সাল পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি ফরিদপুর জেলা পরিষদের চেয়্যারমান হন।
