আনসারকে মাদকবিরোধী কাজে লাগাতে আপত্তি মন্ত্রণালয়ের
মাদকবিরোধী অভিযানে ব্যাটালিয়ন আনসারকে দায়িত্ব দিতে সংসদীয় কমিটির প্রস্তাবে আপত্তি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আইন অনুযায়ী ব্যাটালিয়ন আনসার ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’ নয় বলে মন্ত্রণালয়ের এ আপত্তি।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা যায়।
বৈঠকে ব্যাটালিয়ন আনসার বাহিনীকে মাদক চোরাচালান, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযানে কাজে লাগানোর বিষয়ে গত ২৭ জুলাই সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়।
এরপর ওই বাহিনীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তর্ভুক্ত করা যায় কি না, সে বিষয়ে প্রতিবেদন দিতে সুপারিশ করা হয়। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ প্রতিবেদন দেয়।
ওই বৈঠকে কমিটির সভাপতি শামসুল হক টুকু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খাঁন কামাল আনসারদের মাদকবিরোধী অভিযানে অন্তর্ভুক্তির পক্ষে মত দিলেও কমিটির সদস্য আফছারুল আমীন তার বিরোধিতা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও ব্যাটালিয়ন আনসার অ্যাক্ট-১৯৯৫ থেকে তুলে ধরে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়- মাদকদ্রব্য আইন অনুসারে সাধারণ বা বিশেষ ক্ষমতাসম্পন্ন কোনো ব্যক্তি, পুলিশের উপ-পরিদর্শক, বর্ডারগার্ড বাংলাদেশের ল্যান্স নায়েক বা তদুর্ধ্ব কোনো অফিসার অথবা কোস্টগার্ড বাহিনীর পেটি অফিসার মাদকদ্রব্য অপরাধ সংক্রান্ত অপরাধে ব্যবস্থা নিতে পারবেন। বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষমতা শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ন্যস্ত।
ব্যাটালিয়ন আনসার অ্যাক্টে এ বাহিনীকে ‘ডিসিপ্লিন ফোর্স’ হিসেবে বর্ণনা করা হয়েছে। সুতরাং ব্যাটালিয়ন আনসার ফোর্স আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, তাই তাদের এ দায়িত্ব দেওয়া ‘যুক্তিযুক্ত হবে না’ বরে মত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববারের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সকল নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট কার্যকরভাবে চালু রাখার লক্ষ্যে মনিটরিং সেল গঠনসহ কার্যকর পদক্ষেপ গ্রহেণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর মাসিক সমন্বয় সভা এবং দেশব্যাপী এডিস মশা নিধনে চলমান কার্যক্রম সারা বছর অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে বৈঠকে।
কারাগারে সাধারণ কয়েদীদের থেকে মাদকাসক্ত কয়েদীদের দ্রুততম সময়ের মধ্যে আলাদা করার এবং কারাগারের জনবল বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ফরিদুল হক খান, নূর মোহাম্মদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।
