বাড্ডায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ঢাকার বাড্ডায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক এক যুবকের মৃত্যু ঘটেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ছুরিকাহত হন মো. বিপ্লব (২৪), রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াছিন গাজী জানান, বিপ্লবের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।
বিপ্লবের ভাই মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হয়ে বাড্ডায় থানার পেছনে চা খেতে গিয়েছিলেন বিপ্লব। তখন পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সুমনসহ ৪/৫ জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
গুরুতর আহত বিপ্লবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
মুন্না বলেন, বাসায় ফেরার পর আবার অসুস্থ হয়ে পড়লে রোববার বিকাল সাড়ে ৩টায় আবার ঢাকা মেডিকেলে নেওয়া হয় বিপ্লবকে। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টায় তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা ইয়াছিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আসছে, তারাও মাদক সেবনকারী এবং ব্যবসায়ী। নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
