২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসডিজি অর্জনেও সফল হব: ভূমিমন্ত্রী

এমডিজির মতো বাংলাদেশ এসডিজি অর্জনেও সফলতা দেখাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2019, 05:53 PM

Updated : 18 Aug 2022, 05:44 PM

বৃহস্পতিবার উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে উত্তর আয়ারল্যান্ড অ্যাসেম্বলি বিল্ডিংয়ের লং গ্যালারিতে অনুষ্ঠিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ভূমিমন্ত্রী বলেন, অতি দরিদ্র অবস্থা থেকে অর্থনীতিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে বাংলাদেশ কয়েক দশক ধরে কাজ করে গেছে।

“দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত ‘রূপকল্প ২০২১’ অর্জনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার ২০০৯ সালে যাত্রা শুরু করেছে। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী আমরা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে খুব ভাল করব।”

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা স্টাডি সার্কেল আয়োজিত ‘বাংলাদেশ: উন্নয়নের স্বর্ণ যাত্রা’ শীর্ষক সেমিনারের পৃষ্ঠপোষক ছিলেন উত্তর আয়ারল্যান্ড লেজিসলেটিভ এসেম্বলির সদস্য মার্টিন-ও-মোয়েলার, ক্রিস লিটল ও মাইক নেসবিট।

স্টাডি সার্কেলের সভাপতি সৈয়দ মোজাম্মেল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন মার্টিন-ও-মোয়েলার।

লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ জুলকার নাইন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ সেমিনারে বক্তব্য দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বক্তারা বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরেন। তারা বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের প্রশংসা করেন। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সুশাসন, জলবায়ু পরিবর্তন, রাজনীতিতে নারীর ভূমিকা, রোহিঙ্গা সঙ্কট ইত্যাদি সমস্যা সমাধান করার পরামর্শ দেন করেন বক্তারা।

স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি, উত্তর আয়ারল্যান্ডের ব্যবসায়ী সম্প্রদায় এবং দাতব্য ও স্বেচ্ছাসেবী খাতের সদস্য, সেখানে বসবাসরত বাংলাদেশি, শিক্ষাবিদ, সাংবাদিক এবং কূটনীতিকরা আলোচনায় অংশ নেন।