২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জাদুঘরের নতুন সভাপতি শামসুজ্জামান খান

বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের নতুন সভাপতি হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক শামসুজ্জামান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2019, 09:46 PM

Updated : 08 Apr 2022, 04:40 PM

মঙ্গলবার থেকে তিনি জাতীয় জাদুঘর কার্যালয়ে কার্যক্রম শুরু করেছেন বলে জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার শিহাব শাহরিয়ার জানিয়েছেন।

স্বাধীনতা পদক এবং একুশে পদকে ভূষিত অধ্যাপক শামসুজ্জামান খান ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন। বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন।

গত ২৯ অগাস্ট সরকার বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করে।

এর সদস্য মনোনীত হয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক মো. মোবারক হোসেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রতিনিধি, স্থপতি রবিউল হুসাইন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিত ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, শেফা-উল-মূলক হাকিম হাবিব-উর-রহমান ফাউন্ডেশনের উপহারদাতা এজাজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সুলতানা শফি।

বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের মেয়াদ ৩ বছর।

১৯১৩ সালের ৭ আগস্ট মাত্র ৩৭৯টি নিদর্শন নিয়ে ব্রিটিশ সচিবালয়ের একটি কক্ষে (বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) ঢাকা জাদুঘর হিসেবে এর যাত্রা শুরু করা হয়।

১৯৮৩ সালে  ঢাকা জাদুঘরের সকল নিদর্শন, সম্পদ ও জনবল আত্মীকরণ করে রূপান্তরিত হয় বাংলাদেশ জাতীয় জাদুঘর।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জাতীয় জাদুঘর পরিচালনার জন্য রয়েছে ১৩ সদস্য বিশিষ্ট একটি বোর্ড, যাকে বলা হয় বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্ন বোর্ড।