২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভারে যেভাবে হত্যা করা হয় বাইকচালক মিলনকে

পুলিশের কাছে স্বীকারের পর আদালতে গিয়ে হাকিমের কাছেও মোটর সাইকেল চালক মিলন মিয়াকে হত্যা করে তার বাইকটি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন গ্রেপ্তার নুর উদ্দিন সুমন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 09:14 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

ঢাকার শাহজাহানপুর থেকে সোমবার প্রথম প্রহরে গ্রেপ্তার সুমনকে (৩৮) বিকালে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম আদালতকে জানান, আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ ১৬৪ ধারায় আসামি সুমনের জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোতালেব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের কাছে ঘটনার যে বিবরণ দিয়েছিলেন সুমন, হাকিমকেও তাই বলছেন বলে তিনি জানতে পেরেছেন।

গত ২৬ আগস্ট মালিবাগ ফ্লাইওভারে ছুরিকাঘাতের শিকার হন পাঠাও চালক মিলন। তবে ওই সময় তিনি রাইড শেয়ারিং অ্যাপের পরিবর্তে ভাড়ায় যাত্রী বহন করছিলেন।

ছিনতাইকারী তার গলায় ছুরিকাঘাত করে মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে গেলে জখম গলা চেপে ফ্লাইওভারের শান্তিনগর অংশে নেমে আসেন মিলন। এরপর পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

এই ঘটনায় মিলনের স্ত্রী শিল্পি বেগম শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

সুমন পুলিশকে বলেছেন, রাত আনুমানিক ৩টার দিকে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে উঠতে আবুল হোটেলের ঢালে সুমনের মোটর সাইকেলটি থামান তিনি। গুলিস্তান যাওয়ার কথা বলে ৫০ টাকা ভাড়া ঠিক করেন।

ফ্লাইওভারের সবচেয়ে উপরের সড়কে পৌঁছালে মোটর সাইকেল থামাতে বলেন সুমন। তিনি তখন মোটর সাইকেল নিজেই চালাতে চাইলে মিলন তাতে বাধা দেন। তা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

Image
নিহত মিলন মিয়া

নিহত মিলন মিয়া

সুযোগ বুঝে সুমন তার সঙ্গে থাকা অ্যান্টিকাটার দিয়ে মিলনের গলায় উপর্যুপরি আঘাত করে তাকে জখম অবস্থায় ফ্লাইওভারে রেখে মোটরসাইকেল ও মোবাইল নিয়ে চলে যান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেনও সুমনকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে একই বিবরণ পাওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন।

বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সুমনকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোটর সাইকেল, হেলমেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সুমনের বিরুদ্ধে মতিঝিলে একটি ছিনতাই ঘটনার সম্পৃক্ততার তথ্য ইতোমধ্যে পেয়েছে পুলিশ। আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুরনো খবর:

মিলন হত্যায় গ্রেপ্তার ১, মটরসাইকেল উদ্ধার