২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন হত্যায় গ্রেপ্তার ১, মটরসাইকেল উদ্ধার

রাজধানীর মালিবাগে ভাড়ায় যাত্রী পরিবহনকারী মটরসাইকেল চালক মিলনকে হত্যার পর তার গাড়ি ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ্।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 02:12 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

একসপ্তাহ আগের ঘটনায় সোমবার ভোর ৩টার দিকে শাহজাহানপুর এলাকা থেকে মটরসাইকেলটিও উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন। 

গ্রেপ্তারকৃত নুর উদ্দিন সুমনের (৩৮) বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে বাতেন সাংবাদিকদের বলেন, চুক্তির ভিত্তিতে সুমনকে মটরসাইকেলে উঠায় লিমন। মালিবাগ ফ্লাইওভারের মাঝামাঝি উঠলে মটরসাইকেল থামিয়ে সুমন নিজে চালাতে চায়। মিলন রাজি হলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়।

“এক পর্যায়ে সুমন পকেট থেকে অ্যান্টিকাটার বের করে মিলনের গলায় আঘাত করে। আহত মিলন পড়ে গেলে সুমন মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সুমনকে গ্রেপ্তার করা হয়।”

Image
নিহত মিলন মিয়া

নিহত মিলন মিয়া

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মটরসাইকেল, হেলমেট ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

বাতেন বলেন, সুমনের বিরুদ্ধে মতিঝিলে একটি ছিনতাই ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এরপরেও তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

গত ২৬ অগাস্ট রাতে মিলনকে হত্যা করে মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় শাহজাহানপুর থানায় একটি মামলা হয়।

পুরনো খবর:

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ছুরিতে বাইক চালকের মৃত্যু