২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে স্ট্যাটাস নিয়ে সাংসদ পঙ্কজের মামলা

ফেইসবুকে আপত্তিকর স্ট্যাটাস ও ছবি পোস্ট করার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বরিশাল-৪ আসনের সাংসদ পঙ্কজ দেবনাথ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 12:17 AM

Updated : 18 Aug 2022, 05:43 PM

রোববার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচার আসসামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে অভিযোগ তদন্ত করে ২৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় লাল ভাই, মিনা ফারাহ, আলম শুভ, শিপন মাহমুদ পরদেশী ও রাজন রহমান রুমি নামে পাঁচজনকে আসামি করা হয়েছে বলে বাদী আইনজীবী তপোগোপাল ঘোষ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পঙ্কজ দেবনাথকে জড়িয়ে কয়েকটি অশ্লীল, আপত্তিকর বানানো ছবি আপলোডকারী আসামিদের আইডির লিঙ্ক জমা দিয়েছি ট্রাইবুনালে।”

পঙ্কজ দেবনাথ বরিশাল-৪ আসনের সাংসদের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সাংসদ ছিলেন।