অর্থ আত্মসাৎ: দুই ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
জালিয়াতির মাধ্যমে গ্রাহকের হিসাব থেকে টাকা তুলে আত্মসাতের ঘটনায় কমার্স ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার দুই কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে মামলাটি করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
আসামিরা হলেন- বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার সাবেক ইভিপি ও ব্যবস্থাপক মুহম্মদ নিজাম উদ্দিন, সাবেক জুনিয়র অফিসার মো. নিজাম উদ্দিন, মেসার্স আক্তার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নূর-উন-নবী, মেসার্স শাহজালাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার মিয়া, গ্রাহক কাজী শরীফ আহমেদ ও আবদুল আজিজ।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে এ ঘটনা ঘটান।
“ক্ষমতা বহির্ভূতভাবে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমতি এবং পর্যাপ্ত জামানত ছাড়া কমার্স ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ২০০২ সাল থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত সময়ে ৪৫ কোটি এক লাখ ২১ হাজার ৯৪৭ টাকা উত্তোলন করা হয়।”
এসব টাকার সুদ ৫৯ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ৯৮০ টাকাসহ মোট ১০৪ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ৯২৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলায়।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৮/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।
