২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে আসামিপক্ষ নিয়ে ‘ফাঁসিয়ে দেয়ার’ অভিযোগ

শেরপুরের নকলার বাছুর আগলা এলাকায় একটি শিশু খুনের মামলার বাদী ও সাক্ষীদের নির্যাতনের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে তাদেরই বিরুদ্ধে জবানবন্দি গ্রহণে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এক এসআইয়ের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 06:02 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম টিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে নিহত নয়ন মিয়ার (১২) মা মনোয়ারা বেগম এ অভিযোগ করেন।

তবে তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই সজীব খান দাবি করেন, তদন্তে এসেছে, নয়নকে তার বাবা লাল মিয়া রাগের বশে মাথায় জোরে থাপ্পড় দিলে খাট থেকে পড়ে সে মারা যায়। পরবর্তীতে তারা এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে নয়নকে গাছে ঝুলিয়ে প্রতিপক্ষের নামে হত্যা মামলা করেন।

প্রতিপক্ষ চাচাত ভাইদের বিরুদ্ধে এর আগেই জায়গা-জমির বিরোধ নিয়ে লাল মিয়া একটি মামলা করেন।

সংবাদ সম্মেলনে মনোয়ারা বেগম বলেন, জমির বিরোধ নিয়ে মামলা করার কারণে ক্ষেপে গিয়ে গত বছরের ২৯ ডিসেম্বর রাতে তার ছেলে নয়নকে প্রতিপক্ষরা ডেকে নিয়ে ডুমুর গাছের সঙ্গে গলাই রশি দিয়ে ঝুলিয়ে হত্যা করে। এ ঘটনায় একদিন পর ৩১ ডিসেম্বর নিহত নয়নের বাবা লাল মিয়া বাদী হয়ে প্রতিবেশি চারজনের নাম উল্লেখ করে নকলা থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি বলেন, “মামলাটি প্রথমে থানার এসআই মির্জা আজম তদন্তের দায়িত্ব পেলেও কিছু দিনের মধ্যে তিনি অন্যত্র বদলি হয়ে যান। পরবর্তীতে আমাদের কোনো আবেদন ছাড়াই আসামিপক্ষের আত্মীয় সিআইডির এসআই তারিকুল ইসলাম মামলাটি সিআইডিতে নিয়ে যান। পরে তিনি এ মামলাটি নিয়ে বেশ কিছু দিন টালবাহানা করেন। পরে গত তিন থেকে সাড়ে তিন মাস আগে এই মামলার তদন্তের দায়িত্ব পান সিআইডির আরেক এসআই সজীব খান।”

মনোয়ারা বেগম বলেন, “সজীব মামলার দায়িত্ব পাওয়ার পর থেকে আমাদের পক্ষে মামলার চার্জশিট দেওয়ার কথা বলে এবং ঢাকা থেকে বড় অফিসার আসার কথা বলে দুইবারে চার লাখ টাকা নিয়েছে। জমি বন্ধক দিয়ে তাকে এই টাকা দেওয়া হয়।”

এদিকে তদন্ত কর্মকর্তা আসামিপক্ষের কাছ থেকেও দ্বিগুণ টাকা নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, “গত ২৬ অগাস্ট আমার স্বামীকে সিআইডির স্থানীয় কার্যালয়ে যেতে বলা হয়। তিনি সেখানে গেলে তাকে বেধড়ক মারধর করেন এসআই সজীবসহ আরও কয়েকজন। এদিকে ভিন্ন জায়গা থেকে আমার ভাতিজা আনিস মিয়া ও রিপন মিয়াকে তুলে নিয়ে আসে সিআইডির কার্যালয়ে। পরে আমি সেখানে গেলে তাদেরকে মারধর করতে দেখি। সবাইকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে তাদের কাছ থেকে মিথ্যা জবানবন্দি আদায় করে যে, আমরাই নাকি আমাদের ছেলেকে মেরেছি।”

পরদিন আদালতে তুলে তাদের কাছ থেকে ‘মিথ্যা জবানবন্দি’ গ্রহন করা হয়েছে বলে অভিযোগ করেন মনোয়ারা বেগম।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নয়নকে মেরে ফেলে তারা নিজেরা সেখান থেকে বাঁচতে প্রতিবেশীদের নামে একটা মিথ্যা মামলা করে, যা তদন্তে পাওয়া গেছে। এর আগের তদন্ত কর্মকর্তা তারিকুলের নামেও তারা একটি পিটিশন দিয়েছিল, যে কারণে তাকে বাদ দিয়ে সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়।”

নিজের ছেলেকে মারার বিষয়ে লাল মিয়াসহ আরও তিনজন আদালতে জবানবন্দি দিয়েছেন জানিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, “ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টার অভিযোগে লাল মিয়ার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হবে। তাকে আপাতত ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এসব ঘটনা থেকে বাঁচার জন্য তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে দাবি করে এসআই সজীব বলেন, “তারা যে আমাকে চার লাখ টাকা দেওয়ার অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। নিজেদের রক্ষার জন্য অপরাধীরা এমনই বক্তব্য দিয়ে থাকেন।”

নয়নকে তার বাবা মেরেছে বলে আদালতে আরও যে দুইজন জবানবন্দি দিয়েছেন তারা হলেন মনোয়ারার ভাতিজা আনিস মিয়া ও রিপন মিয়া।

সংবাদ সম্মেলনে আনিস মিয়া অভিযোগ করেন, সিআইডির লোকেরা তাকে এক বাজার থেকে তুলে নিয়ে নির্যাতন করে আদালতে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করেছে।

“সেই জন্য আমি ভয়ে সিআইডির অফিসারের কথামতো আদালতে সাক্ষ্য দিয়েছি।”

এই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে একই অভিযোগ করেন রিপন মিয়াও।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা সজীব খান বলেন, “১৬৪ ধারায় (ফৌজদারী) আদালতে যখন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয় তখন আমরা তো থাকি না। তারা নিজেদের ইচ্ছায় জবানবন্দি দিয়েছে। সেখানে তো আমাদের কোনো কথা থাকে না, ম্যাজিস্ট্রেটই তা দেখেন।”

এদিকে নয়নকে হত্যার অভিযোগে তার বাবার করা মামলার চার আসামী মুনছর আলী, রুস্তম আলী, জপির উদ্দিন ও কালা মিয়াও গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বলে জানিয়েছে পুলিশ।