২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইডিস মশার লার্ভা: দুই সিটিতে সোয়া ৮ লাখ টাকা জরিমানা

বিভিন্ন ভবনে এইডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় কয়েকটি ভবন মালিককে ৮ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 12:56 AM

Updated : 18 Aug 2022, 05:42 PM

এইডিস মশা নির্মূলে বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে যান দুই সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এরমধ্যে ডিএনসিসি এলাকায় ৭ লাখ ৮০ হাজার টাকা এবং ডিএসসিসি এলাকায় ৫৮ হাজার টাকা জরিমানা করা হয় বলে দুই সিটি করপোরেশন আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, এইডিস মশার উৎস নির্মূলে শুরু হওয়া চিরুনি অভিযানের চতুর্থ দিনে ৩৬টি ওয়ার্ডের ১০ হাজার ৫৭৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ২২৫টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পায় ডিএনসিসির কর্মীরা।

লার্ভা পাওয়া এসব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়। এছাড়া ৬ হাজার ৩১৬টি বাড়ি ও স্থাপনায় এইডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ ধ্বংস করা হয়।

বাড়ির বেইজমেন্টে এইডিস মশার লার্ভা পাওয়ায় মগবাজারের বিশাল প্লাজাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানে নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখায় বিটিআই নামে একটি আবাসন প্রতিষ্ঠানের প্রতিনিধিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইন উত্তরার ২টি মোটর মেরামত কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এইডিস মশার লার্ভা পাওয়ায় গুলশানে বে ডেভেলপমেন্ট নামে একটি নির্মাণাধীন ভবনের প্রতিনিধিকে ৫ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

২৫ আগস্ট শুরু হওয়া অভিযানে ৩৬টি ওয়ার্ডের ৪২ হাজার ৪৯৪টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১ হাজার ২৯টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছে ডিএনসিসি।

দক্ষিণ সিটি করপোরেশনের ৫টি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় এইডিসি মশার লার্ভা পাওয়ায় একটি প্রতিষ্ঠানের একজন  প্রতিনিধিকে কে কারাদণ্ড, দুটি প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড এবং ৪ ভবন মালিককে সতর্ক করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান কাঁঠালবাগান এলাকার ২৮টি বাড়ি পরিদর্শন করেন। এরমধ্যে আল আমীন রোডের নির্মাণাধীন একটি বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়ায় মাসুদ পারভেজ নামে ওই নির্মাণাধীন ভবনের প্রকল্প ব্যবস্থাপককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ডিএসসিসির ৩৬টি বাড়ি পরিদর্শন করেন। এ সময় নূর বক্স লেনে নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান আজিমপুর এলাকার ৩৫টি বাড়ি পরিদর্শন করেন। এ সময় তমা কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনের পরিত্যক্ত টায়ারে জমে থাকা পানিতে লার্ভা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুল হক ৩৫টি বাড়ি পরিদর্শন করে একটিতে এইডিস মশার লার্ভা পান। এজন্য একটি বাড়ি মালিককে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।