ঘুষের মামলায় হুদা দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ছয় লাখ টাকা ঘুষ নেওয়ার মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই মামলায় অভিযোগপত্র সোমবার কমিশন অনুমোদন করেছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
“শিগগিরই আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হবে।”
২০০৮ সালের ১৮ জুন বিএনপির সাবেক নেতা নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় এই মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন।
মামলায় অভিযোগ করা হয়, যমুনা বহুমুখী সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের কাছ থেকে ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ১৯টি চেকের মাধ্যমে ছয় লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা। সিগমা হুদা ঘুষ নেওয়ার ক্ষেত্রে স্বামীকে সহযোগিতা করেন।
পরে দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম মামলাটি তদন্ত করেন। এই মামলায় গত ২৭ ফেব্রুয়ারি নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা।
ওইদিন নাজমুল হুদা দাবি করেন, যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ বিষয়ে কিছু বিজ্ঞাপন তার মালিকানাধীন সাপ্তাহিক পত্রিকা খবরের অন্তরালে ছাপা হয়।
ওই বিজ্ঞাপনের বিল হিসেবে সেতুর রক্ষণাবেক্ষণ কোম্পানি মার্গানেট ওয়ান লিমিটেড প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বিল হিসেবে পরিশোধ করেছে। এ বিলের মোট ছয় লাখ টাকা খবরের অন্তরালে পত্রিকার অ্যাকাউন্টে জমা হয়।
“ওয়ান ইলেভেনের সময় সেনা সমর্থিত সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই ছয় লাখ টাকাকে ঘুষ হিসেবে উল্লেখ করে আমার বিরুদ্ধে মামলা করেছিল। আমাকে নাজেহাল করার উদ্দেশ্য নিয়ে ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জেনারেল আব্দুল মতিনের হস্তেক্ষেপে আমার বিরুদ্ধে মামলা করা হয়,” ওইদিন বলেছিলেন তিনি।
