২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঙুলের ছাপ নিয়েও প্রতারণা, সতর্কবার্তা

নেত্রকোণায় এক জরিপের নামে বায়োমেট্রিক্স যন্ত্রে আঙ্গুলের ছাপ সংগ্রহ করার অভিযোগ আসায় দেশব্যাপী সতর্কবার্তা জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2019, 04:48 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে রোববার পাঠানো এক মোবাইল এসএমএসে বলা হয়, “কোনো কোনো এলাকায় জরিপের নামে কেউ কেউ বায়োমেট্রিক্স যন্ত্রে আঙুলের ছাপ সংগ্রহ করছে। জরিপের নামে সরকার আঙুলের ছাপ সংগ্রহ করছে না। এই ধরনের আঙুলের ছাপ নিয়ে প্রতারণা ও অপরাধের জন্য ব্যবহৃত হতে পারে। এদেরকে আঙুলের ছাপ দেবেন না। “

পরে এ বিষয়ে যোগাযোগ করা হলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেত্রকোণা শহরের পাশে একটি গ্রামে ১২ থেকে ১৩ হাজার লোকের অভিযোগ পেয়েছি। এক জরিপের নামে বায়োমেট্রিক্স যন্ত্রে তাদের কাছ থেকে ছাপ নেওয়া হচ্ছে। আমি সঙ্গে সঙ্গেই তা নেত্রকোণার পুলিশ সুপারকে জানিয়েছি।”

“আঙ্গুলের ছাপ নিয়ে যে কেনো ধরনের ক্রাইম হতে পারে। আমরা তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই মেসেজ দিয়েছি,” বলেন মন্ত্রী।

নির্বাচন কমিশনকে এই বিষয়ে অবহিত করা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমার কাজটুকু আমি করেছি।”