২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির ঈদ ১২ অগাস্ট

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এবারের কোরবানির ঈদ হবে ১২ অগাস্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2019, 08:31 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ ঘোষণা দেন।

তিনি বলেন, জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে বাংলাদেশে এবার ঈদুল আজহা উদ্যাপিত হবে ১২ অগাস্ট সোমবার।

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ১১ অগাস্ট; আর তার আগের দিন হবে হজ।

সারা বিশ্ব থেকে হজ করতে সৌদি আরবে জড়ো হওয়া লাখো মানুষ সেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ঈদের সকালে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে তাদের হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার মানুষ হজ করার কথা রয়েছে।