২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুর চাপে ‘৮০ টাকার রি-এজেন্ট হয়েছে ১২৫’

ঢাকায় ব্যাপক হারে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় এই রোগ পরীক্ষা ও এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 11:26 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

Image
ডেঙ্গু টেস্টে বেশি টাকা রাখায় কাঁঠালবাগানের পদ্মা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

ডেঙ্গু টেস্টে বেশি টাকা রাখায় কাঁঠালবাগানের পদ্মা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

ডেঙ্গুসহ অন্যান্য রোগ নির্ণয়ের কিট ও রি-এজেন্টের দাম বেশি নেওয়ার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে সার্জিকাল পণ্যের পাইকারি বাজারে অভিযান চালান অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে মোস্তফা সার্জিকাল নামে একটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মার্কেটে থাকা অন্যান্য সার্জিক্যাল দোকান মালিকদেরও সতর্ক করে দেওয়া হয়।

অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সুযোগে সার্জিক্যাল ব্যবসায় একটি দুষ্টু চক্র গড়ে উঠেছে। তারা কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অনেক পণ্যের দাম বাড়াচ্ছে। একটি রি-এজেন্টের দাম ৮০ টাকা হলেও তারা মাত্র কয়েকদিনের ব্যবধানে তা ১২৫ টাকা করে ফেলেছে।”

অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের দাম বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ পেয়ে তারা তোপখানা রোডের গফুর টাওয়ারে অভিযান চালান। সেখানে মোস্তফা সার্জিক্যাল নামের একটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মনজুর শাহরিয়ার বলেন, তারা সার্জিক্যাল দোকানগুলোর মালিকদের ডেকেছেন এবং অধিক মূল্য নিয়ে আলোচনা করেছেন। তারা দাম বৃদ্ধির জন্য বিভিন্ন রকম কারণ দেখানোর চেষ্টা করেছেন।

“আমরা তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছি। এর পরেও যদি সংশোধন না হয় তাহলে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।

এদিকে একই দিনে ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা রাখায় রাজধানীর কাঠালবাগানে অবস্থিত পদ্মা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে।