ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ছে ঢাকা মেডিকেলে
ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
যে হারে রোগী আসছে, তা হিসাব করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবনে কিছু রোগীদের নেওয়ার পরিকল্পনা করে রেখেছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
এবছর মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ফলে হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
এই মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে সরকারি হিসাবেই। বুধবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন ৬৮০জন ডেঙ্গু রোগী।
হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক হাজার পরর্যন্ত এই ভবনেই চিকিৎসা দেওয়া সম্ভব। এর বেশি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থনান্তর করা হবে।
“তবে সে ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ রোগীকে বর্তমান ভবনে রেখে বাকিদের সেখানে নেওয়া হবে।”
তিনি জানান, প্রতিদিন গড়ে তিনশ রোগীর পরীক্ষা করাতে হাসপাতালে আসছেন। যাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া প্রয়োজন, তাদের রেখে বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ডেঙ্গু আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা ইউনিট করা হচ্ছে জানিয়ে নাসির উদ্দিন জানান, আইসিইউ এবং এইচডিইউতে যে বিছানা আছে, তার সংখ্যা বাড়ানো হচ্ছে।
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় এখন সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।
তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিলসহ স্টেশন ছাড়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা রয়েছে।
ডেঙ্গু রোগীর চিকিৎসা খরচের প্রায় সবটাই সরকারিভাবে বহন করা হচ্ছে বলে জানান তিনি।
ঢাবিতে রোগ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ‘ডেঙ্গু জ্বর নির্ণয় ও পরামর্শ কেন্দ্র’ চালু করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টস (বিএসিবি)-এর যৌথ উদ্যোগে বুধবার সকালে এটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ঢাবি শিক্ষার্থীদের বিনামূল্যে এই কেন্দ্র থেকে ডেঙ্গু রোগের সেবা দেওয়া হবে।
বিএসিবির সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জেবা ইসলাম সেরাজ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হুমায়ুন কবির।
উপাচার্য আখতারুজ্জামান বলেন, "ক্যাম্পাসে এডিস মশার লার্ভা ধ্বংসের জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি, ফগার মেশিন দ্বারা পুরো ক্যাম্পাসে মশা নিধন কর্মসূচি ও হলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে।"
ডেঙ্গু রোগের বিষয়ে তিনি শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে সচেতন এবং পরিচ্ছন্ন থাকার আহবান জানান।
এমরান কবির চৌধুরী বলেন, "এখানে যারা সেবা দেবেন, তারা বিভিন্ন হাসপাতালে এসব পরীক্ষার সঙ্গে জড়িত। বিনামূল্যে হচ্ছে দেখে এটার মান খারাপ হবে, সেটি ভাবার কোনো অবকাশ নেই।"
