ডিআইজি মিজানের জামিন নাকচ
অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।
মিজানের পক্ষে এদিন আদালতে শুনানি করেন এহসানুল হক সমাজী; দুদকের পক্ষে এর বিরোধিতা করেন মোশারফ হোসেন কাজল।
এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় গত বছর জানুয়ারিতে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ডিআইজি মিজানুর রহমানকে।
তার অবৈধ সম্পদের অনুসন্ধানে থাকা এক দুদক কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা নিজেই ফাঁস করে দিয়ে সম্প্রতি নতুন করে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা।
এরপর মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগ্নে মাহমুদুল হাসান এবং ছোট ভাই মাহবুবুর রহমানকে আসামি করে গত ২৪ জুন এই মামলা দয়ের করেন দুদকের পরিচালক মনজুর মোরশেদ।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা -১ এ দায়ের করা এ মামলায় তিন কোটি সাত লাখ ৫ হাজার ২১ টাকার সম্পদের তথ্য গোপন এবং তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
এ মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে ডিআইজি মিজান গত ১ জুলাই হাই কোর্টে গেলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।
পরদিন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত জামিন নাকচ করে এই পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত ২৪ জুলাই মিজানের পক্ষে আবারও জামিনের আবেদন করা হলে ৩১ জুলাই শুনানির দিন রেখেছিল আদালত।
দুদক কর্মকর্তা খন্দকার এনামুল বাছিরকে ঘুষ দেওয়ার ঘটনায় ডিআিইজি মিজানের বিরুদ্ধে আরেকটি মসামলা করা হয়েছে। সেই মামলাতেও তাকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদকের পরিচালক বাছিরও ওই মামলায় কারাগারে আছেন।
