ডেঙ্গু পরীক্ষার উপকরণ আমদানি সহজ করার অনুরোধ
ডেঙ্গু রোগ শনাক্তের ‘রি-এজেন্ট’ আমদানি ও সরবরাহ নিশ্চিত করতে এর উপর উপর আরোপিত আমদানি শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়ার মধ্যে রোগ পরীক্ষায় বিপুল পরিমাণ ‘রি-এজেন্ট’ লাগায় মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এই অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে অধিদপ্তর।
সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি বেসরকারি হাসপাতালেও পরীক্ষার ফি ইতোমধ্যে বেঁধে দিয়েছে সরকার।
এদিকে ডেঙ্গু রোগী ১৫ হাজার ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে ঢাকায়ই ‘রি-এজেন্ট’ না থাকার কথা জানিয়ে মঙ্গলবার ডেঙ্গু পরীক্ষা বন্ধ করে দেয় মহাখালীর আইসিডিডিআর, বি।
এবিআরে পাঠানো চিঠিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তে ব্যবহার্য ‘রি-এজেন্ট’, কীট ও উৎপাদনের কাঁচামালের উপর আমদানি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার সুবিধা দেওয়ার সুপারিশ করেন।
সোমবার ডায়াগনস্টিকস রি-এজেন্টস অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।
বৈঠকে আমদানিকারকরা জানান, ডেঙ্গু শনাক্তের প্রয়োজনীয় উপকরণ আমদানির জন্য করা ঋণপত্র বিদেশি ব্যাংক পেতে দুই সপ্তাহ লাগে। এভাবে এ পদ্ধতিতে এসব জিনিস আমদানি করতে প্রায় দেড় মাস লেগে যায়।
