কোরবানির ঈদের ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু
কোরবানির ঈদ সামনে রেখে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনসহ রাজধানীর পাঁচটি স্থান থেকে ৭ অগাস্টের টিকেট বিক্রি করা হয়। এছাড়া একই দিনের টিকেট সকাল ৬টা থেকে অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি শুরু হয়।
প্রত্যাশিত টিকিটের জন্য ভোররাত থেকে কমলাপুর স্টেশনে অবস্থান করছেন অনেকে। রাত ৩টায় কমলাপুরে এসেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোশাররফ হোসেন। বেলা ১২টায় কাঙ্ক্ষিত টিকেট পেয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজকে তেমন ভিড় ছিল না। তারপরও টিকেট পাওয়া নিশ্চিত করতে রাত ৩টায় এখানে চলে এসেছি। ভাগ্য ভালো চাঁপাইনবাবগঞ্জের টিকেট পেয়েছি। এখন বাড়ি যাওয়া নিয়ে কোনো টেনশন থাকল না।”
১৩ নম্বর কাউন্টারে ধীরগতিতে টিকেট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের টিকেট কিনতে আসা ফোরকান আহমদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল ৭টায় এসেছি কিন্তু বেলা ১২টা পর্যন্ত টিকেট কিনতে পারিনি। এখন পর্যন্ত সর্বোচ্চ ৭০ জনের মতো টিকেট কিনতে পেরেছেন।"
বেলা সাড়ে ১০টার দিকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর স্টেশনের টিকিট বিক্রি কার্যক্রম ঘুরে দেখেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, “এবার অনলাইনে টিকিট বিক্রির পরিস্থিতি সন্তোষজনক। গত ঈদে একটা অভিযোগ ছিল মোবাইল অ্যাপ ও অনলাইনে টিকিট কাটা যাচ্ছিল না। এবার পরিস্থিতি ভালো মনে হচ্ছে।
মন্ত্রী বলেন, ঈদের সময় ট্রেনে যাত্রীদের বাড়তি চাপ থাকে। সেজন্য আন্তঃনগর ট্রেনে আসনের অতিরিক্ত ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। বিশেষ ট্রেনের দুই হাজার ৬৫৩টি টিকেট বিক্রি হবে।
ঈদের সময় মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে প্রতিদিন ৬৯ হাজার ৭৫৩টি টিকেট বিক্রি করা হবে বলে জানান মন্ত্রী।
৩০ জুলাই বিক্রি করা হবে ৮ অগাস্টের টিকেট। ৩১ শে জুলাই বিক্রি হবে ৯ অগস্টের টিকেট। ১ অগাস্ট বিক্রি হবে ১০ অগাস্টের টিকেট ও ২ অগাস্ট বিক্রি হবে ১১ অগাস্টের টিকেট।
রাজধানীর কমলাপুর ছাড়াও আরো চারটি জায়গা থেকে টিকিট বিক্রি করা হবে। কমলাপুর থেকে যমুনা সেতু হয়ে পশ্চিমাঞ্চলগামীগ্রামে সব আন্তঃনগর ট্রেনের টিকেট। যমুনা সেতু হয়ে পশ্চিমাঞ্চলগামী সব আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি হবে ঢাকার কমলাপুর থেকে, চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে বিমানবন্দর স্টেশন থেকে, ময়মনসিংহ জামালপুর গামী আন্তঃনগর ট্রেনের টিকিট তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে, নেত্রকোনার মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের ট্রেনের টিকেট বনানী স্টেশন থেকে এবং পুরুলিয়ার পুরাতন বিল্ডিং থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে।
