২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলহাজ-তনয় হত্যা মামলার অভিযোগপত্রে জিয়াসহ আসামি ৮

অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে ঢাকার আদালতে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 04:32 PM

Updated : 08 Apr 2022, 04:30 PM

হত্যাকাণ্ডের তিনবছরের বেশি সময় পর গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুজ্জামান।

মহানগর হাকিম সাঈদুজ্জামান শরীফ অভিযোগপত্রটি আমলে নিয়েছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকতা এসআই সাফায়েত হোসেন।

অভিযোগপত্র জমার বিষয়টি রোববার জানা যায়। 

অভিযোগপত্রে জিয়ার সঙ্গে যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন- আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, জুনাইদ আহমদ ওরফে মওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে জুনায়েদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ।

এদের মধ্যে জিয়া, আকরাম, সাব্বিরুল ও জুনাইদ পলাতক; অন্যরা কারাগারে।  

আসামিদের মধ্যে জিয়া, মোজাম্মেল, আরাফাত ও আকরাম বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলারও অভিযুক্ত আসামি।

অভিযোগপত্রে শফিকুল ইসলাম ওরফে কেরামত, রশিদুন্নবী, ইয়াছিন মিয়া ওরফে জাভেদ, সেলিম, হাসান, তারেক, কামরুল ওরফে কবিরুল ও আকিল ওরফে আলী কবিরের অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

দেশজুড়ে ‘উগ্রপন্থিদের’ একের পর এক হত্যা-হামলার মধ্যে ২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের এক বাসায় ঢুকে ইউএসএআইডি কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত জুলহাজ মান্নান (৩৫) সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।

আর তার বন্ধু মাহবুব রাব্বী তনয় (২৬) ছিলেন লোকনাট্য দলের কর্মী। পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে ‘শিশু নাট্য প্রশিক্ষক’ হিসেবেও তিনি কাজ করতেন।

ঘটনার রাতেই জুলহাজের ভাই মিনহাজ মান্নানের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করে কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার সময় হামলাকারী একজনের কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে রাখেন কলাবাগান এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই মমতাজ; সেখানে একটি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও মোবাইল ফোন পাওয়া যায়।

এএসআই মমতাজের ওপর হামলা এবং অস্ত্র পাওয়ার ঘটনায় আরেকটি মামলা করেছিলেন কলাবাগান থানার এসআই শামীম আহমেদ।  অস্ত্র আইনের ধারায় করা মামলাটি এখনও তদন্তাধীন।