ডেঙ্গু: সিটি করপোরেশনকে দ্রুত ওষুধ সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের
ডেঙ্গু প্রতিরোধ, বন্যা মোকাবেলা ও গুজব প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে কাজ করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও দপ্তরকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এসব নির্দেশনার মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে ডেঙ্গু প্রতিরোধে প্রযোজনীয় ওষুধ দ্রুত সংগ্রহ করতে উদ্যোগ নিতে বলা হয়েছে।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ সমন্বয় সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়।
গেল মাসের শুরু থেকে ঢাকায় ব্যাপকভাবে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক মাসে মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে। ডেঙ্গুতে এরইমধ্যে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে পাঁচজনের মৃত্যুর কথা বলা হয়েছে।
ঢাকায় এখন ডেঙ্গু রোগীর চাপ এত বেশি যে বেসরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তি করাই দুরূহ হয়ে উঠেছে। সরকারি হাসপাতালগুলোতে বেড পূরণ হওয়ার পরেও রোগী ভর্তি করায় শেষ পর্যন্ত সেদিকেই যেতে হচ্ছে অনেক ডেঙ্গু আক্রান্তকে।
তিনি বলেন, “আমরা জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি। আনুষ্ঠানিকভাবে ডেঙ্গু প্রতিরোধে ডাক্তার, নার্সদের ট্রেনিং ও কাজ সম্পর্কে আমরা একটা গাইডলাইন তৈরি করছি।”
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাইও ডেঙ্গু প্রতিরোধে তাদের পক্ষ থেকে কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন।
কর্মকর্তাদের বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকটি নির্দেশনা তুলে ধরেন।
এসব নির্দেশনার মধ্যে রয়েছে- ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার জন্য প্রত্যেক অফিস প্রধানকে তাদের কর্মীদের নিয়ে রোববারের মধ্যে সভা করতে হবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে যেন তারা ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসে।
এছাড়াও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউটদের কাজে লাগাতে হবে, জনসচেতনতা সৃষ্টির জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে তাদের শিক্ষার্থীদের কাজে লাগায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
গুজব প্রতিরোধ
‘পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে’ বলে সম্প্রতি বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। তারই জের ধরে ‘শিশুদের মাথার খুলি নিতে ছেলেধরারা মাঠে নেমেছে’ বলেও গুজব ছড়ানো হয়।
গুজব ছড়িয়ে যারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।
গুজব প্রতিরোধে সবাইকে যুক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম।
খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ বলেন, “টেলিভিশনগুলোতে ছেলেধরার গুজব বা পদ্মা সেতুতে যে মাথা লাগবে এটা নিয়ে বহুল প্রচার দরকার। লিফলেট করার চেয়ে এটা কার্যকর হতে পারে।”
মৎস্য ও প্রাণি সম্পদ সচিব রইছ উল আলম বলেন, “যে কোনোভাবেই হোক না কেন অল্প সময়ের মধ্যে গুজব প্রতিরোধ করতে হবে।”
গুজব প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা তৈরি করে প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনার সাথে সবাই একমত পোষণ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এনামুল হাবিব বলেন, “গুজব এখন আমাদের একটা বড় কনসার্ন। আমরা গুজবের বিরুদ্ধে সচেতনতা তৈরি করে সেটা প্রতিরোধে কাজ করে যাচ্ছি। পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে লিফলেট বিতরণ করা হয়েছে। গ্রাম পর্যায়ে কমিউনিটি পুলিশকে শক্তিশালী করতে চেষ্টা করা হচ্ছে। স্কুল-কলেজে এ্যাসেম্বলির সময় যেন শিক্ষার্থীদের সচেতন করা হয় সেই উদ্যোগও নেওয়া হচ্ছে।”
বন্যা মোকাবেলা
সভায় বন্যা মোকাবেলা নিয়েও আলোচনা হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় যারা বন্যা কবলিত তাদের নিরাপদ স্থানে নিয়ে আসতে উদ্যোগ নেওয়া, প্রকৃত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ, বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া, বন্যা কবলিত এলাকায় মেডিকেল টিম পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও বন্যার পানি নেমে যাওয়ার পরপরই পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের প্রস্তুতি গ্রহণ, কৃষি, মৎস্য, গবাদি পশু ও হাসমুরগির প্রকৃত ক্ষতি নিরূপন, উঁচু জায়গায় আমন ধানের এবং অন্যান্য ফসলের বিশেষ করে শাক-সবজির বীজতলা স্থাপনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেওয়ার বিষয়েও সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়েছে।
সভায় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, কৃষি সচিব মো. নাসিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
