জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ে ডিসিদের নির্দেশনা প্রধানমন্ত্রীর
সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকারি সব সংস্থাকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জেলা প্রশাসকদেরকে সমন্বিতভাবে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৬৪ জেলার নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনসম্পৃক্ততা সৃষ্টির মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করা হচ্ছে- এটাই হচ্ছে সবচেয়ে কার্যকর ভূমিকা। এটাকে অব্যাহত রাখতে হবে। আমরা জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু তার মানে এই না যে, এটা শেষ হয়ে গিয়েছে। কাজেই সর্বদা সজাগ থাকতে হবে।
“আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাসহ সবাইকে সক্রিয় রেখে সবাইকে নিয়ে সমন্বিতভাবে এবং সমাজের সবাইকে যুক্ত করে এর বিরুদ্ধে জনমত গড়ে তুলে প্রতিরোধ করতে হবে।”
মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে অভিযান পরিচালনা অব্যাহত রাখার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়।
“সন্ত্রাস, মাদক ও দুর্নীতিসহ নানা ধরনের যে অসামাজিক কার্যক্রম সেগুলো আমাদের দূর করতে হবে। দুর্নীতির ক্ষেত্রে স্পষ্ট কথাটা হচ্ছে যে শুধু ঘুষ যে নেবে সে অপরাধী না। যে দেবে সেও সমানভাবে অপরাধী। বরং যে দেবে সেই বেশি অপরাধী। এই কথাটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে কাজ করলে তাহলেই আমরা এর হাত থেকে মুক্ত করতে পারব।”
জেলা প্রশাসকরা ছাড়াও মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।
দেশের সর্বস্তরে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন শেখ হাসিনা।
সরকারি সেবাগ্রহণে সাধারণ মানুষ যাতে কোনভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হন সেদিকে জেলার অধিকর্তাদের সতর্ক থাকতে বলেন তিনি।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে তাদের উদ্যোগ নিতে বলে শেখ হাসিনা।
তিনি বলেন, দৈনন্দিন প্রয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারে জেলার সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করা, নারী শিক্ষার হার বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে পদক্ষেপ নিতে বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও জোরদার করতে হবে।
“কমিউনিটি ক্লিনিক কিন্তু সম্পূর্ণ কমিউনিটির। এটা সীমিত আকারেই থাকবে। রেফারেন্স সিস্টেম থাকবে। সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালগুলোতে পাঠাতে হবে।”
এই হাসপাতালগুলোতে আমাদের সমস্যা হয় ডাক্তার থাকে না, সার্জেন্ট থাকে না, এ্যানেসথেসিষ্ট থাকে না। এখানে একটা সমস্যা আছে উপজেলায়, তাদের বাসস্থানের অভাব। আমরা বাসস্থান নির্মানের নির্দেশ দিয়েছি। ডাক্তারদের সেখানে রাখার ব্যবস্থাটা কিভাবে কোন প্রক্রিয়ায় করা যায় সেইটা আমরা চিন্তা ভাবনা করছি। আমরা অনেক কিছুই করছি কিন্তু কোনমতেই ডাক্তারদের রাখা যাচ্ছে না। এটা একটা বিরাট সমস্যা। যারা ওখানে বদলি হবে, থাকবে না আমার মনে হয় সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দরকার হলে চাকরি থেকে বের করে দিতে হবে। কঠোর ব্যবস্থাটা না নিলে মানুষের সেবাটা আমরা দিতে পারবো না বলেও মন্তব্য করেন তিনি।
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং এই সংক্রান্ত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় প্রশমনে ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ এবং এ সংক্রান্ত স্থায়ী নির্দেশনাবলী অনুসারে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ, সাধারণ মানুষকে সহজে সুবিচার প্রদান ও আদালতে মামলার জট কমাতে গ্রাম আদালতগুলিকে কার্যকর করতে হবে বলেও নির্দেশ দেন সরকার প্রধান।
তিনি বলেন, জেলা প্রশাসকরা জেলাপর্যায়ে বিভিন্ন কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। এ সব কমিটিকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করতে হবে। দপ্তরগুলোর বিদ্যমান সেবা তৃণমূলে পৌঁছানোর লক্ষ্যে তথ্য মেলা, সেবা সপ্তাহ পালনসহ ইত্যাদি কার্যক্রম জোরদার করতে হবে।
এছাড়াও শিল্পাঞ্চলে শান্তি রক্ষা, পণ্য-পরিবহন ও আমদানি-রপ্তানি নির্বিঘ্ন করা এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, পেশীশক্তি ও সন্ত্রাস নির্মূল করার ব্যবস্থা গ্রহণ, বাজার-ব্যবস্থার সার্বক্ষণিক পর্যবেক্ষণের প্রতি গুরুত্বারোপ, ভোক্তা-অধিকারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে উদ্যোগ এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশনা দেন তিনি।
ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “নারী ও শিশু নির্যাতন এবং পাচার, যৌতুক, ইভটিজিং এবং বাল্যবিবাহের মত সামাজিক ব্যাধি থেকে মুক্তির জন্য আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ বন্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।
“শিশু-কিশোরদের পুষ্টি চাহিদা পূরণ এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে শিক্ষা, ক্রীড়া, বিনোদন ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ নিশ্চিত করতে হবে। শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, সংস্কৃতিবোধ ও বিজ্ঞানমনস্কতা জাগিয়ে তুলতে হবে।”
প্রতিবন্ধী, অটিস্টিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, পার্বত্য জেলাগুলোর উন্নয়নের ক্ষেত্রে এ অঞ্চলের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য, বনাঞ্চল, নদী-জলাশয়, প্রাণিসম্পদ এবং গিরিশৃঙ্গগুলির সৌন্দর্য সংরক্ষণ করতে হবে। পর্যটনশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কুটিরশিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে।
চিত্ত বিনোদন ও সাংস্কৃতিক চর্চার সুবিধার্থে মিনি স্টেডিয়াম নির্মাণ, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজড়া, বেদে ও প্রতিবন্ধীদের প্রতি বিশেষ লক্ষ্য রাখা, জলাধার সংরক্ষণের জন্য খাল খনন ও পুকুর খনন, পরিকল্পিত সড়ক, নগরায়ন ও বনায়ন নিশ্চিত করা; গৃহহীন, ভূমিহীন ও ভিক্ষুকদের পুনর্বাসনের নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা একটা লক্ষ্য নিয়ে দেশটা পরিচালনা করছি। আপনাদের চাকরি তো দীর্ঘকালীন। আমাদের চাকরি কিন্তু স্বল্পকালীন। আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি। কাজেই এই পাঁচ বছরের মধ্যেই দেশটাকে একটা জায়গায় নিয়ে আসতে চাই। ’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.নজিবুর রহমান ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
