ঢাকায় বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
ঢাকার যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।
নিহত মো. খাইরুল (৩০) ট্রাফিক পুলিশে এএসআই পদে কর্মরত ছিলেন।
শনিবার ভোররাতে তিনি দুর্ঘটনায় পড়েন বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক পূর্ব) মুহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস খাইরুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামরুজ্জামান বলেন, “খায়রুল ডিউটি করছিল, কিন্তু তার পরিহিত প্যান্টের পকেট ছিঁড়ে যাওয়ায় থানায় পাল্টাতে যাচ্ছিল। রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।”
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, বাসটি কিশোরগঞ্জ-ভৈরব রুটের বলে জানা গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
