গণস্বাস্থ্য নগর হাসপাতালে শিশু ‘ধর্ষণে’ গ্রেপ্তার ১
রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি বলেন, বৃহস্পতিবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালের বাথরুমে শিশুটিকে ধর্ষণের অভিযোগে রায়হান নামের ওই হাসপাতালের এক ক্যান্টিন বয়কে গ্রেপ্তার করা হয়।
শিশুটির চিৎকারে হাসপাতালের লোকজন এগিয়ে এসে রায়হানকে আটক করে পুলিশে খবর দেয়।
শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা কাফি।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।
