মিষ্টির দোকানে ধাক্কা থেকে জাহাঙ্গীরনগরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিষ্টির দোকানে দুই শিক্ষার্থীর গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দুই হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, “তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, শিক্ষকসহ অন্তত ৬৫ জন আহত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে অন্তত ৩০ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
মারধরের খবর পেয়ে বঙ্গবন্ধু হল থেকে শতাধিক শিক্ষার্থী পিস্তল, লাঠি, চাপাতি, রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে বটতলা এলাকায় আসে। একই সময়ে ভাসানী হলের শিক্ষার্থীরাও লাঠি, চাপাতি ও রামদা নিয়ে বটতলায় উপস্থিত হলে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় হলের ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে নেতৃত্ব দিতে দেখা যায়।
ঘটনার পরপর সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে দুজন সহকারী প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তারা সেখানে গেলেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদকও সেখানে গিয়ে সংঘর্ষ থামাতে ব্যর্থ হন।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ সংঘর্ষের মধ্যে বঙ্গবন্ধু হলের কয়েকজন শিক্ষার্থীকে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়।
বিকেল ৪টার দিকে আশুলিয়া থানার দুই প্লাটুন পুলিশ বটতলায় উপস্থিত হয়ে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ বলেন, “সংঘর্ষের সময় মোবাইলে ভিডিও ধারণ করায় দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জোবায়ের কামালকে বঙ্গবন্ধু হলের ৪৪তম ব্যাচের সিয়াম চৌধুরীসহ (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) কয়েকজন মারধর করে।”
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক লিখন চন্দ্র বালা জানান, সংঘর্ষের ঘটনায় অন্তত ৬৫জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জনের মতো ভর্তি রয়েছেন।
সংঘর্ষে ছাত্রলীগ কর্মীদের নেতৃত্ব দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা বলেন, “সংঘর্ষে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সংগঠন থেকে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকেও বলব, জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য।”
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, “শিক্ষার্থীদের আমরা হলে ফিরিয়ে দিয়েছি। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের কাছে থাকা অস্ত্র্র উদ্ধারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
