সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সুপারিশ
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সুপারিশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি।
কমিটি শিক্ষা মন্ত্রনালয়কে এ বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করতে বলেছে।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আব্দুস শহীদ বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের প্রকল্প গ্রহণ করতে বলেছি।”
এছাড়া বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের কাজের গতি ও গুণগত মান বাড়াতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া অর্থের স্বচ্ছতার জন্য অভ্যন্তরীণ অডিট ব্যবস্থা চালুর সুপারিশ করে।
এ বিষয়ে আব্দুস শহীদ বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের চলমান অনেকগুলো প্রকল্প নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে বেশকিছু প্রকল্পে কমিটির কাছে ধীর গতি পরিলক্ষিত হয়েছে। যার কারণে কমিটি এসব প্রকল্পের গতি বাড়াতে বলেছে। পাশাপাশি সরকারি অর্থের যেন অপচয় না হয়, যার জন্য যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।”
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের গুণগত মান বাড়াতে এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন জেলা ও উপজেলা পর্যায়ে জনবল বাড়াতে কমিটি সুপারিশ করে বলে সংবাদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান এবং ওয়াসিকা আয়শা খান অংশ নেন।
