২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা-গবেষণায় উৎকর্ষে পরামর্শক কমিটি করছে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণায় উৎকর্ষের লক্ষ্যে একজন ইমিরেটাস অধ্যাপকের নেতৃত্বে পরামর্শক কমিটি করবে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2019, 09:29 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

ওই কমিটির পরামর্শ ও সুপারিশের ভিত্তিতে নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জানিয়েছেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে র‌্যাংকিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুসংহত করতে এই কমিটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি তুলে ধরতে রোববার সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা তুলে ধরেন উপাচার্য আখতারুজ্জামান।

৯৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

উপাচার্য দপ্তর সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনসহ সিনেট ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

আখতারুজ্জামান বলেন, “এ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ‘মুজিববর্ষ ২০২০’ এবং ‘বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎসব ২০২১’ এর আগমনী বার্তা। এ দুটি বেঞ্চমার্ককে সামনে রেখে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবসম্মত ও বিজ্ঞান ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।”

সে লক্ষ্যেই ওই পরামর্শক কমিটি করা হবে বলে জানান তিনি।

উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচিগুলো তুলে ধরেন। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জমায়েত, জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কেক কাটা, সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বোধনী সংগীত পরিবেশন এবং উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ছাত্র-শিক্ষক কেন্দ্রে গমন।

সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’ শীর্ষক আলোচনা সভা হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে দুর্লভ পান্ডুলিপি প্রদর্শন করা হবে। চারুকলা অনুষদের উদ্যোগে বেলা ৩টায় অনুষদ প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্জন হল ভবনের উত্তর-পূর্ব বারান্দায় উদ্ভাবিত চিকিৎসা প্রযুক্তির যন্ত্রপাতি প্রদর্শন করা হবে।

এদিকে দিবসটি উপলক্ষে ডাকসুর উদ্যোগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা, দুপুর সাড়ে ১২টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে সাইকেল শোভাযাত্রা এবং বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ডাকসু’র মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হলে দিনব্যাপী কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে হল, বিভাগ, ইনস্টিটিউট ও অন্যান্য অফিস খোলা থাকবে।