ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট শিক্ষাবান্ধব নয়: ছাত্র ইউনিয়ন
শিক্ষা সংকোচনের কৌশল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ অর্থবছরের বাজেট করা হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়ন।
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়েজউল্লাহ ও সাধারণ সম্পাদক রাজীব দাস এক যৌথ বিবৃতিতে শনিবার এই অভিমত জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের এবারের বাজেটে পণ্য ও সেবাখাত এবং অন্যান্য অনুদান খাতের আওতায় গবেষণার জন্য মোট বরাদ্দ ৪০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা, যা বাজেটের মাত্র ৫.০৪ শতাংশ। অথচ বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৫৬ কোটি ৫০ লাখ টাকা, যা মোট বাজেটের ৩১ দশমিক ৬৫ শতাংশ এবং ভাতাদি বাবদ সহায়তা খাতে ১৯৫ কোটি ৮৭ লক্ষ টাকা, যা মোট ব্যয়ের ২৪ দশমিক ১৭ শতাংশ।
“এই বাজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সমস্যা যেমন বাসের অপর্যাপ্ততা, আবাসন সংকট নিরসন, উন্নয়ন ফি বাতিল, বাণিজ্যিক কোর্স বন্ধ, প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটাইজড করা প্রভৃতি শিক্ষার্থীবান্ধব বিষয়গুলোকে অগ্রাহ্য করা হয়েছে এবং এই বাজেট গবেষণা খাতে বরাদ্দ না বাড়ানোর মাধ্যমে উচ্চ-শিক্ষাকে আরো সংকুচিত করল।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যদের এই বাজেট বাতিল করে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের পদক্ষেপ সম্বলিত ‘শিক্ষাবান্ধব’ নতুন বাজেট অনুমোদনের জন্য আহ্বান জানায় ছাত্র ইউনিয়ন।
