২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধীরা চ্যালেঞ্জ করে বলেই বন্দুকযুদ্ধ ঘটে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধ নিয়ে মানবাধিকার সংগঠনের সমালোচনার মুখে তার সপক্ষে যুক্তি দেখালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2019, 01:04 AM

Updated : 08 Apr 2022, 04:22 PM

মঙ্গলবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, অপরাধীরা চ্যালেঞ্জ করে বলেই বন্দুকযুদ্ধের দুঃখজনক ঘটনাগুলো ঘটে।

মাদক নির্মূলে গত বছরের এপ্রিল থেকে অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত সবগুলো বাহিনী। এতে এক বছরে কথিত বন্দুকযুদ্ধে কয়েকশ মানুষ প্রাণ হারায়।

একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো, তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেই বলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের কর্তাব্যক্তিরা।

মঙ্গলবার সংবাদ সম্মেলনেও আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “মাদকের তালিকা আমরা প্রশাসন বলতে পুলিশ, র‌্যাব ও বিজিবির কাছে পাঠিয়ে দেই।

“তারা (আইন শৃঙ্খলা বাহিনী) তাদেরকে (মাদককারবারি)  শনাক্ত করে এবং এই 'আইডেন্টিফাই' করতে গিয়ে যারা তাদেরকে (আইন শৃঙ্খলা বাহিনী) চ্যালেঞ্জ করে, তখনই এই ধরনের (বন্দুকযুদ্ধ) দুঃখজনক ঘটনাগুলো ঘটে যায়।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো তালিকা তৈরি করে না জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সংস্থার থেকে তালিকা পান তারা।

মাদকবিরোধী অভিযানে অনেকের আত্মসমর্পণের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অনেকে চ্যালেঞ্জ করে, আবার অনেকে আত্মসমর্পণও করেন। তাই তো আমাদের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণ প্রায় ৮২ হাজার বন্দি এখন রয়েছে। এদের মধ্যে অধিকাংশই মাদক মামলার আসামি।”

গত ১৬ ফেব্রুয়ারি কক্সবাজারে অনেক ইয়াবা কারবারি আত্মসমর্পণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমরা আশাবাদী, দেশ থেকে ইয়াবা নির্মূল করতে পারব।”

তিনি জানান, ২০১৮ সালে সারা দেশে অভিযান পরিচালনা করে প্রচুর পরিমাণ ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করে এক লাখ ৬১ হাজার ৩২৩ জনের বিরুদ্ধে ১ লাখ ১৯ হাজার ৮৭৮ মামলা করা হয়েছে।

আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনমত তৈরির কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে ৫০ থেকে ১২৪ শয্যায় উন্নীত করার কথাও বলেন তিনি।