২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের সংযোগে টিআইএন বাধ্যতামূলক না করার প্রস্তাব প্রতিমন্ত্রীর 

বিদ্যুতের নতুন সংযোগের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক না করার সুপারিশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2019, 10:31 PM

Updated : 18 Aug 2022, 05:25 PM

গ্রামের কৃষকদের কথা মাথায় রেখে রোববার সংসদে বাজেটের উপর আলোচনায় এই সুপারিশ করেন তিনি।

নসরুল অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “গ্রামের গরিব কৃষকদের পক্ষে টিআইএন খোলা এবং তা পরিচালনা করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।”

তাই তিনি সব নতুন গ্রাহকদের পরিবর্তে ৫০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব দেন।

হামিদ তার বক্তব্যে প্রস্তাবিত বাজেটে বিদ্যুতের নতুন গ্রাহকদের টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) সার্টিফিকেট বাধ্যতামূলক না করার প্রস্তাব দেন।

রাজস্ব আয় বাড়াতে করদাতার সংখ্যা বাড়ানোর চেষ্টা রয়েছে সরকারের। বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল করদাতার সংখ্যা ৩ কোটিতে নেওয়ার পরিকল্পনা তুলে ধরেছিলেন।

বাজেটের উপর আলোচনায় আওয়ামী লীগের সংসদ সদস্য ব্যবসায়ী সালাম মুর্শেদী বলেন, “প্রস্তাবিত বাজেটটি শুধু ব্যবসাবান্ধব নয়, জনকল্যাণমূলক, উন্নয়নমূলক বাজেট। বিএনপির কয়েকজন সংসদ সদস্য শেষ পর্যন্ত সংসদে যোগ দিয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।”

গত ১৩ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি। এই ব্যয়ের মধ্যে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা রাজস্ব হিসেবে আদায়ের পরিকল্পনা করা হয়েছে, যা মোট বাজেটের ৭২ শতাংশ। তার এই পরিকল্পনায় আয় ও ব্যয়ের ঘাটতি থাকছে প্রায় এক লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা।

বাজেট নিয়ে রোববার আলোচনা করতে গিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, এতে কিছু ‘অসামঞ্জস্য’ রয়েছে।

“প্রস্তাবিত বাজেট চমৎকার কিন্তু কিছু কিছু অসামঞ্জস্য রয়েছে। আমি আশা করব, এ বিষয়গুলোতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী দৃষ্টি দেবেন।”

তবে কী কী অসামঞ্জস্য দেখেছেন, সে বিষয়ে কিছুই বলেননি তোফায়েল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বাজেট আলোচনায় দাঁড়িয়ে এই দলের জন্ম ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার বর্ণনা দেন তিনি।

তোফায়েল বলেন, “বঙ্গবন্ধু ছিলেন বিচক্ষণ নেতা। তার মতো বিচক্ষণ নেতা পৃথিবীতে আর আসবে না। তার হৃদয়ে বাংলাদেশের স্বাধীনতা ছাড়া অন্য কিছু ছিল না। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাকি কাজ বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা।”

তোফায়েলের মতো অন্যদের বাজেট আলোচনাও এদিন ছিল আওয়ামী লীগের ইতিহাসকেন্দ্রিক।

সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, “স্বাধীনতার আগে ও পরে এই দেশে যা কিছু অর্জন, সবই আওয়ামী লীগ সরকারের হাত ধরে এসেছে। ৬ দফার আন্দোলনের মাধ্যমেই বঙ্গবন্ধু বাংলাদেশের একক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর যে সরকারগুলো এসেছে, তারাও ছিলেন পাকিস্তানের তল্পিবাহক।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করলে দুঃখ থাকত না, তাকে হত্যা করল এই দেশেরই কিছু কুলাঙ্গার বেঈমান মোশতাক- জেনারেল জিয়া গংরা।

“তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, চার নেতাকে হত্যা করেছে, মুক্তিযুদ্ধকে হত্যা করেছে। আমাদের ৫০ বছর পিছিয়ে দিয়েছে। শেখ হাসিনা দেশে আসার পর তাকেও হত্যার চেষ্টা করা হয়েছে।”

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে শেখ সেলিম বলেন, তার কাছে ‘প্রমাণ রয়েছে’ যে জিয়া মুক্তিযুদ্ধের সময় ‘পাকিস্তানের এজেন্ট’ ছিলেন।

“জিয়ার বাবা-মা কোনোদিন বাংলাদেশে আসেননি, তাদের কবরও পাকিস্তানে। বগুড়ায় তার পূর্বপুরুষরা কবে এসেছিল, কেউ বলতে পারে না।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “মার্কিন রাষ্ট্রদূত তার রিপোর্টে তারেক রহমানকে দুর্ধর্ষ একজন লোক ছাড়াও বড় দুর্নীতিবাজ হিসেবে উল্লেখ করে গেছেন।”

বাজেট আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগ দলীয় সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আফছারুল আমীন, ইমাজ উদ্দিন প্রামানিক, এ কে এম রহমতুল্লাহ, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, নজরুল ইসলাম বাবু, নুরুন্নবী চৌধুরী, কাজী নাবিল আহমেদ, মোরশেদ আলম, সংরক্ষিত মহিলা আসনের আদিবা আনজুম মিতা, জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা, সংরক্ষিত আসনের রওশন আরা মান্নান।