২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওই রোগীর স্বজনরা মনগড়া তথ্য দিয়েছে: ইউনিভার্সেল মেডিকেল

‘মৃত্যুর পরেও’ রোগীকে হাসপাতালে রেখে বড় অংকের বিল ধরিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2019, 05:20 PM

Updated : 08 Apr 2022, 04:21 PM

তারা বলছে, মো. শহীদ উল্লাহ (৫৭) নামের ওই রোগীর স্বজনরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাসপাতালের বিল না দেওয়ার উদ্দেশে কয়েকশ বহিরাগতকে এনে হাসপাতালে তাণ্ডব চালিয়ে রোগী নিয়ে যায়। পরে কিছু সংবাদমাধ্যমকে ‘মিথ্যা ও মনগড়া তথ্য’ দিয়ে হাসপাতাল সম্পর্কে ‘অসত্য’ খবর প্রচার করে।

গত ১৪ মে কিডনির সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শহীদ। শুক্রবার রাতে তার মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হৈ চৈ করলে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

তখন শহীদের ছেলে কামাল অভিযোগ করেন, তার বাবাকে ২০ দিনে ২৩টি ডায়ালাইসিস দেওয়ার কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

“২০ দিনে ২৩টা ডায়ালাইসিস কীভাবে দেয়? আমরা কয়েকবার অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের রোগীকে নিতে দেয়নি। আমার ধারণা, উনি ১৪ তারিখে মারা গেছেন। এরপরও তারা আমার বাবাকে নিয়ে ব্যবসা করেছে।”

হাসপাতাল কর্তৃপক্ষ বাবার চিকিৎসা বাবদ ১০ লাখ টাকা বিল করেছে বলে জানান তিনি।

এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, যার প্রতিবাদ জানিয়ে রোববার বিবৃতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, শহীদ উল্লাহ যখন হাসপাতালে আসেন তখন তার বেশ কয়েকটি অর্গান কাজ করছিল না। পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।

“রোগীর ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ তার স্বজনদের প্রতিদিন দুই বেলা কাউন্সেলিংসহ বারবার অবহিত করেন। কিন্তু রোগীর ছেলে জনাব কামাল শুরু হতেই উছৃঙ্খল আচরণসহ সকলের সাথে অশালীন আচরণ ও হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ তার বাবা মারা যাওয়ার দুই দিন পূর্বে সে হাসপাতালের একজন নারী কর্মকর্তার সাথে অশালীন ও আপত্তিকর আচরণ করেন এবং হাসপাতালের ‘বিল না দিয়ে রোগী নিয়ে যাব, দেখি হাসপাতাল কী করতে পারে!” বলে হুমকি দিয়ে যান।”

ওই হুমকির পর বিষয়টি নিয়ে বুধবার তেজগাঁও থানায় একটি জিডি করা হয় বলে জানিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কর্তৃপক্ষ।

তারা বলছে, চিকিৎসকদের অনেক চেষ্টার পরেও শুক্রবার শহীদ উল্লাহ সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে কামাল পূর্ব পরিকল্পনা অনুযায়ী বহিরাগতদের ডেকে এনে হাসপাতালে ঝামেলা তৈরি করেন।

“সে ওই সময় কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষকে জিম্মি করে ‘বিল না দিয়ে’ রোগী নিয়ে যাওয়ার জন্য পূর্ব পরিকল্পিতভাবেই তাদের বহিরাগত লোকজনকে খবর দিয়ে রাখে এবং রোগী মারা যাবার আধ ঘণ্টার মধ্যেই শত শত লোক হাসপাতালে ভিড় করে। যদিও রোগীর বাড়ি ঢাকার বাইরে (লহ্মীপুর)!

“তার অনুসারীদের মাধ্যমে মিডিয়াকে খবর দেয় এবং তার দেওয়া ভুল ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভিন্ন চ্যানেল, প্রিন্ট ও অনলাইন সমূহে একতরফা, নেতিবাচক, ভিত্তিহীন, অবৈজ্ঞানিক, হাস্যকর সংবাদ প্রচারিত হয়। এই নিউজের ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং হাসপাতালের সুনাম সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

একজন নেফ্রোলজিস্টের নির্দেশনা অনুযায়ী ওই রোগীকে ৩৮ দিনে মোট ১৮টি ডায়ালাইসিস দেওয়া হয় জানিয়ে ইউনিভার্সেল মেডিকেল বলছে, “২০ দিনে ২২টি ডায়ালাইসিস দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ সম্পূর্ণ মনগড়া ও মিথ্যা।”  

পুরনো খবর:

ঢাকায় ‘মৃত্যুর পরেও’ হাসপাতালে রেখে বিল ধরিয়ে দেওয়ার অভিযোগ