মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক এমডি রফিক সিদ্দিক নেই
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিক আহমেদ সিদ্দিক আর নেই।
মঙ্গলবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রফিক সিদ্দিক বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের বড় ভাই। তার ভাই তারেক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা।
রফিক সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “জনসেবায় জনাব সিদ্দিকের অবদানের কথা মানুষ অনেক দিন মনে রাখবে।”
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার গুলশান-১ নম্বর সেকশনের গোলা মসজিদে ঈদের নামাজ শেষে রফিক সিদ্দিকের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গাজীপুরের বাঙালগাছে তার দাফন সম্পন্ন হবে।
রফিক সিদ্দিক দীর্ঘদিন গাজীপুরের মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি রোটারি ক্লাবের গভর্নরের দায়িত্বও পালন করেন।
