ভোক্তা অধিদপ্তরের দুই কর্মকর্তাকে বদলি
রোজায় ভেজাল ও ভোক্তা স্বার্থ ক্ষুন্নের বিরুদ্ধে অভিযান পরিচালনা নিয়ে আলোচিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুই কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
তারা হলেন অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোরশেদ চৌধুরী এবং উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই দুই কর্মকর্তার বদলির আদেশ হয়।
উপসচিব মনজুর এদিনই ঢাকার উত্তরার আড়ংয়ে অভিযান চালিয়ে আউটলেটটি বন্ধ করে দিয়েছিলেন। পণ্যের দাম বেশি লেখার ভুল স্বীকার করার পর অবশ্য আউটলেটটি খুলে দেওয়া হয়। এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানে ছিলেন তিনি।
মঞ্জুর মোরশেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বদলি করে ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করা হয়েছে খুলনায়।
তাকে আগামী ১৩ জুনের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে। তা না হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় থেকে তাকে স্ট্যান্ড রিলিজ বা অবমুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে নিজের ফেইসবুক পাতায় বদলির প্রজ্ঞাপনটি শেয়ার করেন মনজুর শাহরিয়ার।
চলতি রমজান মাসে এই ফেইসবুক পাতা থেকেই তিনি বিভিন্ন স্থানে ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে অভিযানের সময় তা সরাসরি সম্প্রচার করছিলেন।
বদলির বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমার মন্তব্য না করাই ভালো।”
বদলির খবর কখন জানতে পারলেন- প্রশ্ন করলে তিনি বলেন, “রাত ১১টায় একটি টেলিভিশন অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর আমি জানতে পারি বদলির খবর।”
