মমতাজউদদীনের মতো গুণীদের কীর্তি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার
শিল্প, সাহিত্য ও সংগীতসহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের কর্ম ও জীবন সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সদ্যপ্রয়াত ভাষাসৈনিক ও নাট্যজন মমতাজউদদীন আহমদের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশ্বাস দেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন, “তিনি (মমতাজউদদীন) ছিলেন অত্যন্ত সাদালপী। নাট্য আন্দোলনের পথিকৃত। মঞ্চনাটক রচনায় যে পথ তিনি দেখিয়েছেন দেশের নাট্যাঙ্গন তাকে অনুসরণ করবে, অনুকরণ করবে- এটাই আমরা আশা করি।
“তার মৃত্যুতে আমাদের হিউজ লস হয়ে গেল, তিনি ছিলেন একটা বিগ অ্যাসেট। তার মৃত্যুর ক্ষতি সহজে পূরণ হবে না। বিরল প্রতিভার অধিকারী ভাষাসংগ্রামী এই নাট্যকার ব্যক্তিগত জীবনে ছিলেন সাধাসিদে।”
এসময় ‘শিল্প, সাহিত্য ও সংগীতে’ কীর্তিমান ব্যক্তিদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাদের কর্মকাণ্ড আর্কাইভ করে রাখার দীর্ঘদিনের দাবির বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয়।
জবাবে ওবায়দুল কাদের বলেন, “আর্কাইভ অধিদপ্তর আছে। বিষয়টি যাতে কার্যকর থাকে- এ ব্যাপারে আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব।”
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র রামেন্দু মজুমদার বলেন, “অধ্যাপক মমতাজউদদীন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। তিনি ছিলেন শিক্ষক, অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সুবক্তা। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে তার সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তার অভিনীত নাটকগুলো জাতীয় আর্কাইভে সংগ্রহ করা উচিত।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, প্রো ভিসি মুহাম্মদ সামাদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, রামেন্দু মজুমদার, রহমতুল্লাহ, খায়রুল আলম সবুজ ও সালাউদ্দিন লাভলু এসময় সেখানে ছিলেন।
জানাজা শেষে প্রয়াত মমতাজউদদীন আহমদের মরদেহে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠনসহ বিভিন্ন শেণি-পেশার মানুষের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
পরে দাফনের জন্য তার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।
অধ্যাপক মমতাজ উদদীন আহমেদকে রাতে জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক কানারহাট গ্রামে বাবার কবরের পাশে সমাহিত করা হয়।
জানাজায় চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের তিনজন এমপি, সাবেক এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান একুশে পদকজয়ী নাট্যকার মমতাজউদদীন।
রাজশাহী সরকারি কলেজে পড়ার সময় রাষ্ট্রভাষার আন্দোলনে যুক্ত হওয়া মমতাজউদদীন শিক্ষকতার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন কমিটিতে একজন উচ্চতর বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালকের দায়িত্বও তিনি পালন করেন।
তার রচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘নাট্যত্রয়ী’, ‘হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার, ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’, ‘জমিদার দর্পণ’, ‘সাত ঘাটের কানাকড়ি’।
