২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি সরাতে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত হল পাইপ ড্রেন

রাজধানীর কালশী ও আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত বাইপাস পাইপ ড্রেন বসিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2019, 12:30 AM

Updated : 10 Oct 2022, 09:10 PM

এক হাজার ১৮৮ মিটার দীর্ঘ এই পাইপ ড্রেন সংযোগ বসাতে খরচ হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকা। এই পাইপের মাধ্যমে কালশী এলাকার বৃষ্টির পানি বাউনিয়া খালে পড়বে।

ঢাকা উত্তর সিটি করোপরেশনের মেয়র আতিকুল ইসলাম শনিবার এই পাইপ ড্রেনের উদ্বোধন করেন।

এ উপলক্ষে কালশী প্রধান সড়কে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, “এই পাইপ ড্রেন সংযোগের ফলে কালশী এলাকার জলাবদ্ধতা কমবে। আশা করছি, এতে জলাবদ্ধতা অনেকাংশেই কমে যাবে, জনদুর্ভোগ অনেক কমে যাবে।”

  তবে এটাকে স্থায়ী সমাধান মনে করছেন না মেয়র।

তিনি বলেন, “স্থায়ী সমাধানের জন্য এই অঞ্চলের সব খাল নিয়ে সমন্বিতভাবে ওয়াসাকে পদক্ষেপ নিতে হবে। ডিএনসিসি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় এমন সকল স্থানে ওয়াসা এবং অন্যান্য কর্তৃপক্ষকে সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এর আগে কালশী খাল থেকে ডিএনসিসি প্রায় ৮০ ট্রাক ময়লা পরিষ্কার করেছে জানিয়ে মেয়র বলেন, “এই খাল থেকে লেপ-তোষক, মশারি এমনকি আসবাবও উদ্ধার করা হয়েছে। এই খালকে ডাস্টবিনে পরিণত করবেন না। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না।”

ঈদের পরে ডিএনসিসি এলাকার সব ফুটপাত ও রাস্তা থেকে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালানোর ঘোষণা দেন তিনি।

সম্প্রতি ওয়াসার মালিকানাধীন মিরপুরের সাংবাদিক খাল ও মুসলিম বাজার খাল ডিএনসিসির উদ্যোগে পরিষ্কার করা হয়।

সমাবেশে ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নু, মোবাশ্বের চৌধুরী, সাংবাদিক আবাসিক এলাকা সমবায় সমিতির সভাপতি নুরুল হুদা, ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরিফ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী এনামুল কবির উপস্থিত ছিলেন।