দুর্নীতির মামলা হচ্ছে সাবেক জাপা এমপি শওকতের বিরুদ্ধে
জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরীর বিরুদ্ধে সোয়া ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার কমিশন থেকে এই অনুমাদন দেওয়া হয় জানিয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বলেছেন, ‘শিগগিরই’ এ মামলা করা হবে।
নীলফামারী-৪ (সৈয়দপুর) আসনের সাবেক এমপি শওকতের পাশাপাশি তার স্ত্রী মাহবুবা খাতুনের বিরুদ্ধেও মামলা হচ্ছে।
প্রনব ভট্টচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহবুবা খাতুনের বিরুদ্ধে এক কোটি ২১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।
শওকত দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ার পর তার অনুসন্ধানে নামে দুদক।
অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, মেসার্স যমুনা এগ্রো কেমিকেলস লিমিটেডের স্বত্বাধিকারী শওকত চৌধুরী কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে তার ১১ কোটি ২২ লাখ ৩৫ হাজার ১৩৭ টাকার সম্পদ আছে বলে উল্লেখ করেন। কিন্তু সম্পদ বিবরণী যাচাই করে তার ১৩ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার ১৩৭ টাকার সম্পদ পাওয়া যায়। তিনি দুই কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
সম্পদ বিবরণী যাচাই করে শওকত চৌধুরীর মোট সম্পত্তির মধ্যে চার কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ২৯৬ টাকার সম্পদের বৈধ উৎস পায় দুদক, বাকি নয় কোটি ২৬ লাখ ১২ হাজার ৩৪১ টাকার সম্পদ তিনি অবৈধভাবে অর্জন করেছেন বলে প্রতিবেদনে বলা হয়।
মাহবুবা খাতুনের দাখিল করা সম্পদ বিবরণীতে তার এক কোটি ২১ লাখ ৩৪ হাজার ২০০ টাকার সম্পদ আছে বলে উল্লেখ করা হয়। দুদকের অনুসন্ধানে তার এক কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ২০০ টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়। তিনি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে প্রতিবেদনে বলা হয়।
এছাড়া মাহবুবা খাতুন বৈধভাবে ১৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকার সম্পদ অর্জন করলেও বাকি এক কোটি ২১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদকের সন্দেহ।
