ঈদে বাসের আগাম টিকেট ১৭ মে থেকে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মে ঢাকা থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে।
অগ্রিম টিকেট বিক্রি চলবে ঈদের আগেরদিন পর্যন্ত।
আর ঈদের আগে ৩০ মে থেকে অগ্রিম বাস যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ ঘোষ।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১৭ মে শুক্রবার সকাল থেকে টিকেট বিক্রি শুরু হবে। ৬ জুন ঈদ হিসাব করে আমরা টিকিট বিক্রি শুরু করব। ওইদিন ৩০ মের টিকেট বিক্রি হবে। সেটা ৩০ তারিখ পর্যন্ত ওপেন থাকবে। যতক্ষণ টিকেট থাকবে ততক্ষণ বিক্রি চলবে।”
রমেশ ঘোষ জানান, ঢাকার গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট ও কলাবাগান এলাকায় বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে এসব টিকেট বিক্রি হবে।
রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল- এ চারটি বিভাগের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের টিকেট বিক্রি হয় রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকা থেকে।
শ্যামলী, হানিফ, সোহাগ, গ্রিনলাইন, এস আর, নাবিল, ঈগল, এনা, দেশ ট্রাভেলস, আগমনী এক্সপ্রেসসহ প্রায় পঁচিশ বড় পরিবহন কোম্পানির বাসের অগ্রিম টিকেট বিক্রি করা হবে বলে জানান রমেশ ঘোষ।
তবে মহাখালী টার্মিনাল থেকে চলাচল করা বাসের অগ্রিম টিকেট বিক্রির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম।
তিনি বলেন, “মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসের অগ্রিম টিকেট বিক্রির এখনও সিদ্ধান্ত হয়নি। ডেটটা ঠিক না হলেও ১৭ মে থেকে বিক্রি শুরু করতে পারি। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
অন্যদিকে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম ও সিলেটসহ পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের আগাম টিকেট দেওয়া হয় না।
ঈদযাত্রায় গাড়ি ছাড়ার আগে বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে টিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম।
“আমাদের এখানে যাত্রীর চাপ তেমন থাকে না। এজন্য আমরা ঈদের আগাম টিকেট দিই না। তবে ঈদের সময় যাত্রা শুরুর আগে আমরা টিকেট বিক্রি করব। এটা ২৫ তারিখের পর শুরু হবে।”
এ বছর রোজা শুরু হয়েছে গত ৭ মে থেকে। আর আগামী ১ জুন শনিবার দিবাগত রাতে পালিত হবে শবে কদর।
২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রোজা ২৯টি ধরে ৪-৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারিত আছে। রোজা ৩০টি হলে ঈদ হবে ৬ জুন, সেক্ষেত্রে ৭ জুনও ঈদের ছুটি থাকবে।
৫ জুন ঈদ হলে তিন দিনের ঈদের ছুটির সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ থেকে ৮ জুন টানা পাঁচদিন ছুটি পাওয়া যাবে।
৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শব-ই কদরের ছুটি। এরপর ৩ জুন শুধু অফিস খোলা। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ৩ জুন ছুটি ঘোষণা করলে টানা নয়দিনের ছুটি মিলবে সরকারি চাকুরেদের।
