মাদক বিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৬৮
রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের কাছে এক হাজার ৪৭৬টি ইয়াবা, দুই হাজার ৭৮০ পুরিয়া হেরোইন, কিছু গাঁজা ও ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।
