দুর্নীতির দায়ে স্ত্রীসহ আদালত কর্মকর্তা দণ্ডিত
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তা দখলে রাখার অভিযোগে দুদকের করা মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের একজন প্রশাসনিক কর্মকর্তা ও তার স্ত্রীকে সাজা দিয়েছে ঢাকার একটি আদালত।
দণ্ডিত মো. গোলাম ফারুক হাই কোর্টের কোর্ট কিপার শাখার প্রশাসনিক কর্মকর্তা। তাকে ও তার স্ত্রী সৈয়দা মমতাজকে তিন বছর করে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
এ আদালতের পেশকার মো. মোকারম হোসেন রায় সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গোলাম ফারুককে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৭০ লাখ ৫১ হাজার ২৯৬ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
স্বামীর অর্জিত সম্পদ বেনামদার হিসেবে দখলে রেখে স্বামীকে অপরাধে সহযোগিতা করার অপরাধে সৈয়দা মমতাজকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২)/ দণ্ডবিধির ১০৯ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া গোলাম ফারুককে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় তাকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আগামী ৬০ দিনের মধ্যে দুজনের অর্থদণ্ডের টাকা রাষ্ট্রের অনুকূলে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।
গোলাম ফারুকের দখলে থাকা অবৈধ সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। তার দণ্ড একটির পর অপরটি কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
দণ্ডিত এই দম্পতি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
