২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল সনদের দালাল ধরতে গামকায় দুদক

চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম ও হয়রানির অভিযোগের সুরাহার জন্য জিসিসি অনুমোদিত মেডিকেল সেন্টারস অ্যাসোসিয়েশনে (গামকা) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 10:44 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

বুধবার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নুরজাহান পারভীনের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, গামকা কর্তৃপক্ষ দুদক টিমকে অবহিত করে, বাংলাদেশ থেকে চাকরি নিয়ে মধ্যপ্রাচের দেশগুলোতে যেতে হলে প্রত্যেককেই গামকা মনোনীত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

“এসব মেডিকেল সেন্টারগুলোতে দালালের অস্তিত্ব আছে বলে দুদক অভিযান দল জানতে পারে। তারা এসব মেডিকেল সেন্টারগুলোর তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পদক্ষেপের অনুমতি গ্রহণের জন্য কমিশনে প্রতিবেদন দাখিল করবে।”

এদিকে ভোলায় মহাসড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগে দুদকের আরেকটি দলের অভিযানে সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন প্রনব।

বুধবার দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

প্রনব কুমার জানান, সড়ক ও জনপথ বিভাগের অধীন ১০ কোটি টাকার ওই সড়কের কার্পেটিংয়ের কাজে নির্ধারিত পরিমাণের চেয়ে রাস্তার প্রস্থ কম পাওয়া যায়।দুদক দল সওজের নির্বাহী প্রকৌশলীর সাথে এ বিষয়ে কথা বলেছে।সব নির্ণায়ক নিশ্চিত হওয়ার পরেই এই কাজ বুঝে নেওয়ার জন্য তাকে অনুরোধ করেছেন দুদক কর্মকর্তারা।

অন্যদিকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাভার হেমায়েতপুর অফিসে অভিযানে ভূমি রেকর্ড ও জরিপে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

দুদকের হটলাইনে অভিযোগ পেয়ে ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান চালায় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা জানান।

প্রনব বলেন, অভিযানিক দল দেখতে পায়, পর্চা প্রদানের সময় এক কর্মচারী অনৈতিকভাবে অতিরিক্ত অর্থ গ্রহণ করছেন। পরে দুদকের পর্যবেক্ষণ আমলে নিয়ে সহকারী সেটেলমেন্ট অফিসার ওই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।