ডেমরায় দ্বিতীয় দিনের মত পাটকল শ্রমিকদের অবরোধ
মজুরি কমিশনের বাস্তবায়নসহ নয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার ডেমরায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে দুটি পাটকলের শ্রমিকরা।
বুধবার ভোর থেকে তাদের এই অবরোধের কারণে ডেমরা স্টাফ কোয়ার্টার ও চৌরাস্তা হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা বলছেন, বিকাল ৫টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।
ডেমরা জোনের সহকারী কমিশনার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লতিফ বাওয়ানী ও করিম জুটমিলসের প্রায় দেড় হাজার শ্রমিক বুবধার ভোরে নিজেদের কারখানার সামনে এবং ডেমরা স্টাফ কোয়ার্টার ও চৌরাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
তারা সড়কে অবস্থান নেওয়ায় ডেমরা-রামপুরা সড়ক, যাত্রাবাড়ী-ডেমরা সড়ক এবং শীতলক্ষ্যা নদীর ওপর সুফিয়া কামাল সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রামপুরা থেকে ডেমরা হয়ে সিলেট, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জগামী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে বলে জানান তিনি।
“তারা বিকাল ৫টা পর্যন্ত থাকবে বলে জানিয়েছে। কোননো হাঙ্গামা এখনও হয়নি। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আছে। পুলিশও সতর্ক রয়েছে।”
বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচল করায় বড় কোনো সমস্যা তৈরি হয়নি বলে দাবি করেন এ পুলিশ কর্মকর্তা।
২০১৫ সালে ঘোষিত মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়ন, দুই মাসের বকেয়া বেতন পরিশোধ, অবসরে যাওয়া শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিও রয়েছে পাটকল শ্রমিকদের নয় দফার মধ্যে।
এসব দাবিতে মঙ্গলবারও যাত্রাবাড়ী মোড় ও ডেমরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পাটকল শ্রমিকরা।
শ্রমিকদের দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাছিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরনো বেতন স্কেল অনুযায়ী জুন পর্যন্ত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের কাছে ৩৩৭ কোটি টাকা চাওয়া হয়েছে।
“আজ দুপু্রে শ্রমিক নেতাদের সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে টাকার বিষয়ে একটা সুরাহা হবে। ততদিন পর্যন্ত শ্রমিকরা আন্দোলন স্থগিত রাখবে বলে নেতৃবৃন্দ কথা দিয়েছেন।”
চেয়ারম্যান বলেন, এ মুহূর্তে সিরিয়া, অস্ট্রেলিয়া ও ঘানায় পাটপণ্য রপ্তানির জন্য মিলগুলোতে কাজ চলছে। এই অবস্থায় উৎপাদন বন্ধ থাকলে ক্ষতি হবে।
