২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে নিহত ১

রাজধানীতে র‌্যাবের একটি চেকপোস্টে সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 11:00 AM

Updated : 18 Aug 2022, 05:15 PM

বুধবার ভোরের দিকে আগারগাঁও এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর ভাষ্য।

তিনি বলেন, গাড়িতে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী নিহতের নাম আশরাফ আলী (৩৭), বাবার নাম দানেশ মিয়া। বাড়ি গজারিয়ার রায়পাড়া গ্রামে। র‌্যাব তার পরিচয় যাচাই-বাছাই করে দেখছে।

ঘটনার বিবরণে মহিউদ্দিন ফারুকী বলেন, চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিলের একটি চালান আসার খবরে রাতে গাবতলী, আগারগাঁও ও মানিক মিয়া এভিনিউয়ে তিনটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব।

“ভোরের দিকে আগারগাঁও এলাকার চেকপোস্টের কাছাকাছি একটি প্রাইভেটকারকে র‌্যাব সদস্যরা থামার সংকেত দেয়। এসময় প্রাইভেটকারে চালকের পাশে বসা একজন র‌্যাব সদস্যদের দিকে গুলি করে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে উঠে যায়।

র‌্যাব কর্মকর্তা ফারুকী বলেন, ওই গাড়ির চালক পালিয়ে গেলেও তার পাশের আসনে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ওই গাড়ি তল্লাশি করে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং ৪৯৭ বোতল ফেনসিডিল পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব।